তীর্থে যাবেন মোক্ষদা, ‘চঞ্চল’ ছেলে রাখাল বায়না ধরেছে, সঙ্গে যাবে সে-ও। মায়ের ধৈর্যচ্যুতি ঘটে, হঠাৎ রেগে ছেলেকে বলেন, ‘চল তোরে দিয়ে আসি সাগরের জলে।’ হায়! মুখ ফসকে বলে ফেলা এই কথা কটি যেন মৃত্যুদূত হয়ে ফিরে আসে। রাখালকে ছিনিয়ে নেয় নিষ্ঠুর নিয়তি।
রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা অবলম্বনে মঞ্চায়িত এই নাটক দর্শককে শোকাতুর করে তুলেছিল সেদিন। গত ২৮ ফেব্রুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় মঞ্চায়িত নাটকটির নামও ছিল দেবতার গ্রাস।
কর্মশালাভিত্তিক এই নাট্য প্রযোজনাটির এ পর্যন্ত নয়টি প্রদর্শনী হয়েছে। গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া থিয়েটার স্টুডিও এবং তির্যক নাট্যদল আয়োজিত তিন মাসব্যাপী থিয়েটার প্রশিক্ষণ কোর্স শেষে এই প্রদর্শনীর আয়োজন করা হলো। এতে অভিনয় করেন থিয়েটার প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া নবীন নাট্যকর্মীরা। ভারতীয় উপমহাদেশের সমাজ কাঠামোর ভেতরে চেপে বসা শত বছরের সংস্কারের কথা দর্শককে আরও একবার মনে করিয়ে দিল ২০ মিনিট দৈর্ঘ্যের এই নাটক। অসহায় নারী মোক্ষদার সন্তানের শোকে আর্দ্র হয়ে উঠেছিল দর্শকের হূদয়। ধর্মের দোহাই দিয়ে রাখালকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বিসর্জন দেওয়া হলো সাগরে। মোক্ষদা, রাখাল, বিপ্র, মৈত্র, মাসি, নৌকার মাঝি, যাত্রী সবাই যেন এই সমাজের এক-একজন প্রতিনিধি। গোড়ামি আর ধর্মের নামে নিষ্ঠুরতায় কীভাবে মানবতার পরাজয় ঘটে, নাটকটি দেখতে দেখতে তা আরও একবার উপলব্ধি করা গেল।
নাটকে মঞ্চে ও মঞ্চের নেপথ্যে ছিলেন হীরা দে, লাবনী বিশ্বাস, জসীম উদ্দীন, শুভ রক্ষিত, সুমেন দে, শাহরিয়ার আরেফীন, অরিত্র দাশ, কাজী সাখাওয়াত হোসেন, অমিত চক্রবর্তী ও মোহাম্মদ নুরুন্নবী।