টিআইসিতে ধ্রুপদি চলচ্চিত্র অধিবেশন কাল শুরু
চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দুই দিনব্যাপী ধ্রুপদি চলচ্চিত্র অধিবেশন কাল ৬ জুন শুরু হচ্ছে। ‘ট্রিবিউট টু মায়েস্ত্রো’ শীর্ষক অধিবেশনে বিশ্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের নির্মিত ধ্রুপদি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ বছর আটজন চলচ্চিত্রকারের আটটি ছবি প্রদর্শন করা হচ্ছে।
অধিবেশনে ৬ জুন বেলা ১১টায় ফেদেরিকো ফেলিনি নির্মিত লা দোলচে ভিতা (ইতালি), বেলা তিনটায় ভিত্তোরিয়ো ডি সিকা নির্মিত বাইসাইকেল থিভস (ইতালি), বিকেল পাঁচটায় জাঁ লুক গদার নির্মিত ব্রেথলেস (ফ্রান্স) ও সন্ধ্যা সাতটায় ওসমান সেমবেন নির্মিত মুলাদে (সেনেগাল) এবং ৭ জুন বেলা ১১টায় স্ট্যানলি কুব্রিক নির্মিত ২০০১: এ স্পেস ওডিসি (যুক্তরাষ্ট্র), বেলা তিনটায় ফ্রাঁসোয়া ক্রফো নির্মিত ফোর হান্ড্রেড ব্লোজ (ফ্রান্স), বিকেল পাঁচটায় আকিরা কুরোসাওয়া নির্মিত রশোমন (জাপান) ও সন্ধ্যা সাতটায় কোস্টা গাভরাস নির্মিত মিসিং (ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও চিলি) প্রদর্শিত হবে।