টানা বৃষ্টি উপেক্ষা করে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে হাজির হয়েছিলেন দর্শকেরা। ২৪ জুলাই সন্ধ্যায় এখানে বসেছিল শাস্ত্রীয় সংগীতের আসর। সংগীতশিক্ষক ও শিল্পী ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে ক্ল্যাসিকাল মিউজিক স্টুডেন্টস ফোরাম এই আয়োজন করে। আয়োজকদের পক্ষ থেকে স্বর্ণময় চক্রবর্তীকে সংবর্ধনাও জানানো হয়।
সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানের শুরুতে স্বর্ণময় চক্রবর্তীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এরপর তাঁর জীবন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া। আলোচনা শেষে শুরু হয় শাস্ত্রীয় সংগীতের আসর। শুরুতেই ছিল সম্মেলক গান। ধ্রুপদসংগীত পরিবেশন করেন ক্ল্যাসিকাল মিউজিক স্টুডেন্টস ফোরমের সদস্যরা। এর পর ইমন রাগে দ্বৈত সংগীত পরিবেশন করেন প্রমিত বড়ুয়া ও রাজীব দাশ। তবলার লহড়া পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন রাজীব চক্রবর্তী। লিপু দাশ পরিবেশন করেন রাগ বেহাগ। শেষে মিশ্র পাহাড়ি রাগে ঠুমরি পরিবেশন করেন শম্পা ভট্টাচার্য।