টিআইসিতে শাস্ত্রীয় সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো বেহাগ, কখনো–বা মালকোষ রাগে দর্শক-শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়ালেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। ৪৮তম জন্মদিনটাও যেন স্মরণীয় করে রাখলেন চট্টগ্রামের গুণী এই শিল্পী। তাঁর সঙ্গে তবলা বাজিয়ে আসরে অন্যমাত্রা আনলেন ভারত থেকে আসা তবলাগুরু পণ্ডিত সমর সাহা।
২৩ জুলাই নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে (টিআইসি) ক্লাসিক্যাল মিউজিক স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম আয়োজন করেছিল শিল্পী স্বর্ণময় চক্রবর্তীর শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা। স্বর্ণময়ের ৪৮তম জন্মদিন উপলক্ষে এই আয়োজনের উদ্বোধন করেন উপমহাদেশের খ্যাতিমান তবলাবাদক পণ্ডিত সমর সাহা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া ও ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পণ্ডিত সমর সাহা স্বর্ণময় চক্রবর্তীকে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেন নিজের তবলাজোড়া।
সংক্ষিপ্ত আলোচনার শুরু হয় দুই শিল্পীন কণ্ঠ ও তবলার যুগলবন্দী। স্বর্ণময় চক্রবর্তীর অনন্য গায়কি সহজেই সংগীতের গভীরে টেনে নেয় দর্শক-শ্রোতাদের। ধ্রুপদ কিংবা ঠুমরি-টপ্পায় সমান পারদর্শী তিনি। এবারের আসরেও তার ব্যতিক্রম হলো না। কোনো রাগ গাইতে শুরু করলেই দর্শক যেন আবিষ্ট হয়ে পড়ছিলেন। ঢুকে পড়ছিলেন শুদ্ধ সংগীতের ধ্যানমগ্ন জগতে। স্বর্ণময় কণ্ঠে জাদু ছড়িয়ে দর্শককে টেনে আনলেন সুরের ধারায়। তবলা বাজিয়ে আসর জমানোর বাকি কাজটুকু যেন নিজের কাঁধে তুলে নিলেন পণ্ডিত সমর সাহাও।
অনুষ্ঠানের শুরুতে সুরমণ্ডলে সুর তুললেন স্বর্ণময়। পুরো মিলনায়তনে তখন নেমে এল পিনপতন নীরবতা। গাইলেন রাত্রি প্রথম প্রহরের রাগ ‘বেহাগ’। এরপর রাত্রি দ্বিতীয় ও তৃতীয় প্রহরের রাগ ‘মালকোষ’। মালকোষের পর তিনি পরিবেশন করেন ‘মিশ্র পাহাড়ি রাগে’ ঠুমরি।
‘জুগিয়া ভৈরবে’ ঠুমরি ও ‘আহির ভৈরবে’ রাগ পরিবেশনের মধ্য দিয়ে শেষ করলেন আসর। দীর্ঘ দেড় ঘণ্টার আসরে ক্ষণে ক্ষণে করতালি দিয়ে দর্শকেরা নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন।