টিআইসিতে ৭ মার্চ মঞ্চস্থ হবে লেইমা
ইয়ের্মা (লেইমা) নিঃসন্তান। একটি শিশুর জন্য তার প্রাণ ব্যাকুল। সে কল্পনায়, তার শিশুটির সঙ্গে কথা বলে, আদর করে। কিন্তু তার স্বামীর এ নিয়ে কোনো চিন্তা নেই, সে শুধু অর্থবিত্তের চিন্তায় মগ্ন থাকে সব সময়। এদিকে ইয়ের্মা (লেইমা) একটি শিশুর আকাঙ্ক্ষায় দিন দিন মরিয়া হয়ে ওঠে। মণিপুরি থিয়েটারের নাটক লেইমা কাহিনির বিকাশ ঘটেছে এমনই এক হতভাগ্য রমণীর জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত লেইমার সন্তান পাওয়ার স্বপ্ন পূরণ হয় না।
৭ মার্চ সোমবার সাতটায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে সিলেটের মণিপুর অঞ্চলের নাট্যদল মণিপুরি থিয়েটারের নতুন নাটক লেইমা। স্প্যানিশ কবি, নাট্যকার, অভিনেতা ও গায়ক ফেদেরিকো গারসিয়া লোরকার ইয়ের্মা অবলম্বনে নির্মিত লেইমা নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা, সুরজিত সিংহ, বিধান সিংহ, সনজিত সিংহ, সুশান্ত সিংহ, শুক্লা সিনহা, উজ্জ্বল সিংহ, সুনীল সিংহ, স্মৃতি সিংহা, অনামিকা চ্যাটার্জি, সুজলা সিনহা, সুস্মিতা সিনহা, শর্মিলা সিনহা, বাবুচান সিংহ, বিধান চন্দ্র সিংহ, শুক্লা রানি সিনহা, অপর্ণা সিনহা ও শুভাশিস সিনহা। বিজ্ঞপ্তি।