টিউশনি মিডিয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি কি টিউশনি খুঁজছেন?’, ‘লেডি টিউটর ওয়ান্টেড’ কিংবা ‘আপনি কি গৃহশিক্ষক খুঁজছেন? তাহলে আজই রেজিস্ট্রেশন করুন।’ নগরে টিউশন (গৃহশিক্ষক) ব্যবসায়ীদের এমন আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। ‘টিউশনি মিডিয়া’ নামের এসব টিউশন ব্যবসায়ী গৃহশিক্ষক দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।একাধিক ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীর অভিযোগ, নগরের অলিগলিতে এভাবে প্রতারণা চললেও প্রশাসনের কোনো নজরদারি নেই। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থী-অভিভাবকেরা। জানা গেছে, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের অসচ্ছলতা এবং সন্তানদের পরীক্ষা পাসের ব্যাপারে অভিভাবকদের দুশ্চিন্তাকে পুঁজি করে একশ্রেণীর প্রতারক চক্র বিভিন্ন নামে টিউশন ব্যবসা চালু করেছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজের খরচ মেটানোর তাগিদে একটি টিউশনের জন্য ধরনা দেন এসব মিডিয়ায়। অনেকে অভিভাবকের কাছ থেকে আনা মাসিক খরচের টাকা কথিত মিডিয়া ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে বিপাকে পড়েন। খোঁজ নিয়ে জানা যায়, নগরের বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, দেওয়ানহাট, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে গজিয়ে উঠেছে টির্চাস হেভেন, টিচার্স মিডিয়া, টিচার্স ব্যাংকিং মিডিয়া, টিচার্স একাডেমি, টিচার্স অ্যাসোসিয়েশন, টিচার্স ফোরাম, টিচার্স ইউনিয়ন, টিচার্স ফেয়ার, টিচার্স ক্লাবসহ নানা নামে অসংখ্য টিউশন মিডিয়া। এসব মিডিয়াগুলোয় টিউশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথমেই নিবন্ধন ফির নামে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করা হয়। পরে আজ-কাল করে সময় ক্ষেপণ করা হয়। কিছু ক্ষেত্রে টিউশন জোগাড় করে দেওয়া হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীর কাছ থেকে প্রথম মাসের সম্মানীর ৭০ থেকে ৮০ ভাগই আদায় করে নেওয়া হয় টিউশনিতে যোগ দেওয়ার আগে। এর মধ্যে অনেক অভিভাবক দু-এক সপ্তাহের মধ্যে নানা ছুতোয় গৃহশিক্ষককে বাদ দিয়ে দেন। কোনো কোনো ক্ষেত্রে প্রতারক চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরাই অভিভাবক সেজে টিউশন-প্রার্থীদের ধোঁকা দিয়ে থাকেন। এ রকম ফাঁদে পড়ে অনেক মেয়ে-শিক্ষার্থীও প্রতারণার শিকার হচ্ছেন। ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী অনুপম দাস বলেন, ‘আমি ৩০০ টাকা দিয়ে নগরের রাইফেল ক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত টিচার্স ইউনিয়ন নামে একটি মিডিয়ায় নিবন্ধন করেছি ছয় মাস আগে। এর মধ্যে টিউশনির জন্য ফোন করলেই আজ দিচ্ছি-কাল দিচ্ছি বলে আমাকে ঘোরানো হচ্ছে।’ টিচার্স ইউনিয়নের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে কেবি এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে, তা-ও বন্ধ। পাশের দোকানে খোঁজ নিয়ে জানা যায়, কেবি এন্টারপ্রাইজকে টিচার্স ইউনিয়নের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়। পরে মুঠোফোনে টিউশন প্রার্থী পরিচয়ে যোগাযোগ করা হলে মিডিয়াটির পরিচালক পরিচয়দানকারী লিটন ঘোষ জানান, ‘আমরা নিবন্ধন করালেও টিউশনির কোনো নিশ্চয়তা দিই না।’ তবে তিনি ১৫০০ টাকাসহ তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ‘আমি টিচার্স ব্যাংকিং মিডিয়াকে (মুহসীন কলেজের ছাত্রাবাসই ঠিকানা) ১৪০০ টাকা দিয়ে টিউশনিতে যোগ দিই। তিন দিনের মাথায় অভিভাবক আমাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে বলেন। পরে মিডিয়া আমাকে ওখানে যেতে নিষেধ করে। একই মিডিয়ায় আবার দেড় হাজার টাকা দিয়ে অন্য একটি টিউশনিতে গেলে সেখানেও ঘটে একই ঘটনা।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিমা আক্তার বলেন, ‘টিচার্স ব্যাংকিং মিডিয়ায় রেজিস্ট্রেশন করেছিলাম টিউশনির জন্য। কিন্তু টিউশনি পাইনি। বরং মুঠোফোনে উত্ত্যক্তের শিকার হয়েছি।’এ বিষয়ে জানতে চাইলে টিচার্স ব্যাংকিং মিডিয়ার পরিচালক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। আমরা এ ধরনের কোনো কাজে জড়িত নই।’ তবে এ প্রতিবেদককে চা-পানের আমন্ত্রণ জানিয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান তিনি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাফায়েত জায়েদ বলেন, ‘আমার টিউশনির সম্মানী ছিল ৫০০০ টাকা। আমি ষোলশহর রেলওয়ে স্টেশনের কাছে টিচার্স একাডেমি নামক মিডিয়াকে তিন হাজার ৫০০ টাকা দিয়ে ওই টিউশনিতে যোগ দিই। মাত্র ছয় দিন পর জানতে পারি আমার টিউশনি নেই। পরবর্তী সময়ে মিডিয়া আমাকে নতুন কোনো টিউশনি কিংবা টাকা ফেরত দেয়নি। সম্প্রতি তাদের কার্যালয়ও বন্ধ পাওয়া যায়।’ এ বিষয়ে সংশ্লিষ্ট মিডিয়ার প্রচারপত্রে উল্লিখিত মুঠোফোনে যোগাযোগ করা হলে সোহাগ রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘আমি বর্তমানে মিডিয়াটির সঙ্গে যুক্ত নেই। সুতরাং এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ জামাল খান এলাকার এক শিক্ষার্থীর অভিভাবক আশরাফুল ইসলাম ৭ অক্টোবর বলেন, ‘আমার মেয়ের জন্য টিচার্স ক্লাব নামক এক মিডিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র বলে একজন শিক্ষক ঠিক করে দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে দেখি, ওই শিক্ষক চট্টগ্রাম কলেজের ছাত্র।’ আশরাফুল ইসলাম টিউশনি মিডিয়ার নামে এ ধরনের তৎপরতাকে প্রতারণা আখ্যায়িত করে উদ্বেগ প্রকাশ করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে টিচার্স ক্লাবের পরিচালক সোহেল রানা কোনো সদুত্তর দিতে পারেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাধব দ্বীপ বলেন, ‘টিউশন মিডিয়ার নামে এ ধরনের কর্মকাণ্ড অমানবিক। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। এ ছাড়া, এসব মিডিয়া প্রতিষ্ঠান বা সংগঠনগুলোকে নিবন্ধনের আওতায় আনা যায় কি না, ভেবে দেখা দরকার।’