টিএসসিতে একদিন
২০০৪ সালের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নির্ধারিত ব্যাংক থেকে ফরম কিনে তা পূরণ করলাম। অতঃপর ডিন অফিসে ফরমগুলো জমা দিলাম। সঙ্গে আমার বাবাও ছিলেন। ফরম জমা দেওয়া হয়ে গেল সকাল ১০টার মধ্যে। ইতিমধ্যে হাতে প্রবেশপত্রও চলে এসেছে। তাই বাবাকে বললাম, ‘চলো, বাসায় চলে যাই।’ এদিকে বাবা ৩০ বছরেরও বেশি সময় পর তাঁর প্রিয় ক্যাম্পাসে এসেছেন। ফলে তিনি কিছুটা ইমোশনাল হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পরপর তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতিচারণা করছিলেন। উল্লেখ্য, বাবা ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র। বাবার মনের অবস্থা বুঝতে পেরে আমি বললাম, ‘ঠিক আছে, বাবা, চলো, মুহসীন হল থেকে ঘুরে আসি।’ কিন্তু বাবা সেখানে যেতে ততটা রাজি হলেন না। বরং আমাকে বললেন, ‘তার চেয়ে চলো, টিএসসি থেকে ঘুরে আসি, তারপর বাসায় চলে যাব।’ সে মুহূর্তে টিএসসিতে যেতে আমার একেবারেই ইচ্ছা করছিল না, বিশেষত বাবার সঙ্গে তো নয়ই। তবু তাকে খুশি করার জন্য গেলাম। তো টিএসসির ভেতরে ঢুকতেই সেই চিরাচরিত রূপ—চারদিকে সবাই জুটি বেঁধে বসে আছে। এত সকালেও যে এখানে এতটা ভিড় থাকবে, তা আমরা কেউ ভাবিনি। বাবা আর আমি পাশাপাশি হাঁটছি, দুজনই চুপ। প্রায় পাঁচ মিনিট নীরব থাকার পর বাবা বললেন, ‘এখানে সবাই শুধু পড়ালেখার গল্প করে।’ বাবার এ কথায় আমি হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না; শুধু নীরব থেকে তাঁর কথায় সায় দিলাম। জানি না, সেদিন বাবার মনের অবস্থা কী হয়েছিল। তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে তিনি ভেবেছিলেন, আমি এখনো অনেক ছোট, যেভাবে বলবেন, সেভাবেই বিশ্বাস করব। এখন যখনই টিএসসিতে যাই, সেই দিনটির কথা মনে হয় আর নিজের অজান্তেই হাসি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়।