টিকটিকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্তাজ মিয়া দীর্ঘ সময় ধরে দেয়ালের টিকটিকিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। পুরোনো নোনা ধরা দেয়াল। কয়েক জায়গায় সবুজাভ শ্যাওলা নাজমার শাড়ির পাড়ের মতো লাগে মন্তাজের। নাজমা কেমন আছে? বিয়ে হয়ে গেছে নাকি মেয়েটার? ভারি মজার সব কথা বলত মেয়েটা। একেক সময় হাসতে হাসতে চোখে পানি এসে যেত মন্তাজের।শূন্য ঘরটার ওপর একবার চোখ বোলায় মন্তাজ। ‘শালার সরকারি মাল বইল্যা কারও কোনো যত্ন নাই!’কুমারটুলির খুনটা মন্তাজ করেনি, করেছে হাশেম চাচার ছেলে। হাশেম চাচা জানতেনও সব। জেলে যেতে হলো মন্তাজকে। মন্তাজ অবশ্য ইচ্ছে করেই রাজি হয়েছিল। খুনটার পর গাঁয়ের মানুষ কেমন যেন খেপে উঠল। শামীম ভেবেছিল ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। মানুষকে দমিয়ে রাখার সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়। এই সত্য শামীম জানে। কিন্তু এবার কেন জানি তার চোখ রাঙানিতে তেমন কাজ হলো না। গ্রামের কয়েকজন সদর থানায় গিয়ে কেস ঠুকে দিল। বিচারের জন্য ফুঁসে উঠল মানুষ। ‘শামীমের মতো ডেয়ারিং পুলাও পলাইল।’ একটা দীর্ঘশ্বাস ছাড়ে মন্তাজ। যেদিন পুলিশ এল, সেদিন হাশেম চাচার পুবদিকের ঘরের পেছনের আমগাছটার বর্ধিত ডালপালা ছেঁটে গাছটাকে কিছুটা ভদ্রস্থ করছিল মন্তাজ। শামীমকে বাঁচাতে হবে। হাশেম চাচা মন্তাজকে ধরিয়ে দিলেন।‘মন্তাজ রে! পুলিশের কাছে তুই খুনের ব্যাপারে স্বীকার যা!’মন্তাজ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। হাশেম চাচা বলে চলেন,‘তোর কুনো ডর নাই। আমি তো আছি। তোরে আমি এক সপ্তার ভিতর ছুডায়া আনুম। তোরে উত্তরের খালের পাড়ে একটা ঘর কইরা দিমু রে মন্তাজ।’মন্তাজ গেল। অথবা যেতে হয়। কখনো কখনো জীবন ভীষণ সরলরেখার মতো আচরণ করে। অন্ধের মতো কেবল কথিত পথই অনুসরণ করতে হয়, কোনো দ্বিতীয় পছন্দ থাকতে পারে না। আসলে কারও কারও বোধহয় থাকতে নেই। সেদিন দুপুরে আনুদের বাড়িতে খাওয়ার কথা ছিল মন্তাজের। আনুটা বোধহয় পথ চেয়ে বসে ছিল। কোর্টের যেদিন রায় হলো, হাশেম চাচা এসেছিলেন। রায় শুনে প্রথমে ভীষণ আতঙ্কিত হয়েছিল মন্তাজ। ওর চারপাশে যেন হাজারটা আয়না শব্দ করে ভেঙে পড়ে। কাচের টুকরোগুলো বড় বিশৃঙ্খল পড়ে থাকে মেঝেতে। রায় নিয়ে হাশেম চাচা কদিন ছোটাছুটি করেছিলেন বেশ। তারপর একসময় হাল ছেড়ে দিলেন। স্বস্তির প্রাথমিক পর্যায় হলো হতাশা। পুরো ব্যাপারটা বুঝে যাওয়ার পর থেকে বেশ শান্তিতে আছে মন্তাজ।জেলখানার এই ভাপসা কক্ষটিতে ঘড়ি নেই। টিকটিকিটি টিকটিক শব্দে যেন সময় ঘোষণা করে। টিকটিকিটিকে মন্তাজের একটি ছদ্মবেশী দেয়ালঘড়ি মনে হয়। প্রতি ঘণ্টায় ঘণ্টায় ও বেজে উঠবে ‘টিকটিক’ শব্দে। কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। কে ওটা? জেলার সাহেব?: মন্তাজ!: জে, জেলার সাব!: কিছু খাইতে মন চায়?: না। আর কতখন বাকি জেলার সাব?: আরও এক ঘণ্টার মতো আছে।মন্তাজ কিছু বলে না। সে জ্বলজ্বলে চোখে তাকিয়ে থাকে টিকটিকিটির দিকে। মন্তাজের ছদ্মবেশী দেয়ালঘড়িটি সময় গুনে চলেছে। এক...দুই ...তিন...  আসিফ আবরারতেজকুনিপাড়া, ঢাকা