
ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় মানুষের চোখ খুব দ্রুত নড়াচড়া করে। স্তন্যপায়ী প্রাণীর পাশাপাশি পাখিদেরও এমনটি হয়। কিন্তু সরীসৃপের ক্ষেত্রেও যে একই ব্যাপার ঘটে, তারও প্রমাণ মিলেছে এবার।
এক প্রজাতির টিকটিকির ওপর গবেষণার ভিত্তিতে জার্মানির একদল বিজ্ঞানী বলছেন, এই প্রাণী হয়তো ঘুমের মধ্যে স্বপ্নও দেখে। আর ঘুমটা ভালো হলো কি না, সেই মূল্যায়নও করতে পারে।
বিয়ার্ডেড ড্রাগন নামে পরিচিত অস্ট্রেলীয় ওই টিকটিকি কী স্বপ্ন দেখে? গবেষক দলটির প্রধান জার্মানির ম্যাক্স-প্ল্যাংক ইনস্টিটিউট ফর ব্রেইন রিসার্চের স্নায়ুবিজ্ঞানী গিলস লরেন্ট বলেন, সাধারণ ধারণা অনুযায়ী সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনাবলিই স্বপ্নের মধ্যে প্রাধান্য পায়। টিকটিকির স্বপ্নে হয়তো পোকামাকড় বা এমন কোনো জায়গা—যেখানে ভালো ভালো পোকামাকড় আছে, সমজাতীয় আকর্ষণীয় কোনো প্রাণী ইত্যাদি ঘুরেফিরে দেখা দেয়! ফ্রাঙ্কফুর্টের শীতপ্রধান আবহাওয়ায় একটি বিয়ার্ডেড ড্রাগন নিশ্চয়ই সূর্যালোকিত উষ্ণ দিনের স্বপ্ন দেখে।
মানুষ ও অন্যান্য প্রাণীর সঙ্গে সরীসৃপের ঘুমের ধরনে এই সামঞ্জস্য বিজ্ঞানীদের নতুন করে ভাবাচ্ছে প্রাণীর ক্রমবিকাশ সম্পর্কে। হালকা ঘুমের সময়ই চোখের নড়াচড়া বাড়ে, সেই সঙ্গে রক্তচাপ ও হৃৎস্পন্দনও। স্বপ্নগুলো তখনই ধরা দেয়। আর চোখজোড়া ‘ধীর-স্থির’ থাকা অবস্থার নিদ্রায় প্রশান্তি মেলে। তখন মস্তিষ্কের তরঙ্গপ্রবাহ ধীর থাকে, আর স্বপ্ন কম দেখা যায়। নিদ্রার এসব স্তর মানুষের স্মৃতি সংরক্ষণ ও অপসারণ এবং অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে।
জার্মানির ওই বিজ্ঞানীরা পাঁচটি বিয়ার্ডেড ড্রাগনের মস্তিষ্কতরঙ্গ ও নিদ্রাচক্র পর্যবেক্ষণ করেন। এ গবেষণার প্রতিবেদন সায়েন্সসাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। লরেন্ট বলেন, অস্ট্রেলিয়ার ওই টিকটিকির ঘুমের ধরন সম্ভবত সরীসৃপদের আদি পূর্বসূরির যুগ থেকেই ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে। ছোট টিকটিকিজাতীয় প্রাণীরা ৩০ কোটি থেকে ৩২ কোটি বছর আগেও পৃথিবীতে বিচরণ করত। হয়তো ডাইনোসরদের ঘুমের ধরনও এদের মতো ছিল।