ছোটবেলা থেকেই আমার অজানাকে জানার কৌতূহল একটু বেশি। স্কুলের ক্লাসরুম থেকে বাসার টিভির রুম, পাঠ্যবইয়ের চেয়ে গল্পের বই, আর শিষ্টতা অপেক্ষা দুষ্টুমি আমি বেশি পছন্দ করতাম। রাতের বেলা যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঁকি মারত, আমি মায়ের আঁচল ধরে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আর মাকে প্রশ্নবাণে জর্জরিত করতাম। ‘মা, ওটা কী?’ মা বলতেন, ‘চাঁদমামা।’ আমি বলতাম, ‘চাঁদমামা গোল কেন?’ মা বলতেন, ‘আল্লাহ গোল বানিয়েছেন, তাই।’ আমি বলতাম, ‘দিনের বেলা চাঁদমামা আকাশে থাকে না কেন?’ মা বলতেন, ‘চুপ কর। তোর কথায় কান ঝালাপালা হয়ে গেল।’ শুধু মাকে নয়, সবাইকে জ্বালিয়ে মারতাম। আমাদের বাসায় ছোট মামা থাকতেন। কলেজপড়ুয়া মামার ক্যালকুলেটর আর ক্যাসিও হাতঘড়ি লুকিয়ে ছাদে নিয়ে যেতাম। তারপর ইট দিয়ে টুকরো টুকরো করে ভেতরের কলকবজা দেখার স্বাদ মেটাতাম। বাসায় এসে মামা তাঁর ক্যালকুলেটর আর ঘড়ি খুঁজে না পেলে আমাকে এক শ বার কান ধরে উঠবস করাতেন। আমার বড় বোন খুব গান শুনতেন। বাজারে নতুন কোনো অডিও অ্যালবাম এলেই স্কুল থেকে ফেরার পথে সেটা কিনে আনতেন। একবার হিন্দি ছবির গান ‘হাওয়া-হাওয়া’ খুব জনপ্রিয়তা পেল। বড় বোন কিনে এনে কেবল একবার বাজিয়েছেন।অডিও ক্যাসেট দেখে আমার কৌতূহল হলো, এত দৈর্ঘ্যের ফিতা কী করে ছোট্ট একটা ক্যাসেটের মধ্যে পেঁচিয়ে থাকে? আমি সেই ক্যাসেট ছাদে নিয়ে ইট দিয়ে আঘাত করে ভাঙলাম। তারপর পেঁচিয়ে থাকা দীর্ঘ ফিতা হাত দিয়ে টেনে টেনে খুলে ফেললাম। বিকেলবেলা আপু ঘুম থেকে জেগে যখন এ ঘটনা আবিষ্কার করলেন, তখন প্রিয় ক্যাসেটের শোকে আপুর সে কী কান্না! তার পরিপ্রেক্ষিতে আম্মুর বেদম প্রহার আমাকে সহ্য করতে হলো।আমার টুকিটাকি গবেষণার সময়টা ছিল ভরদুপুরে। কারণ, ওই সময় সবাই থাকে ঘুমিয়ে। আর আমি জেগে জেগে আমার কীর্তিকলাপ করতাম। ওই সময় আমার মাথায় ফন্দি আসত বেশি। আমার পৃথিবীটা ছিল ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। আমি ঘরের সব কামরায় তল্লাশি চালাতাম। খুঁজে দেখতাম কিছু পাওয়া যায় কি না, যা আমার গবেষণার কাজে লাগে। আমার একটা ছোট ভাঙা পরিত্যক্ত স্যুটকেস ছিল। সবকিছু সেখানেই আমি জমা করতাম। স্ক্রু ড্রাইভার, ভাঙা ঘড়ি, চাবির রিং, কলম, স্কচটেপ ইত্যাদি। সবাই স্যুটকেসটাকে জাদুর বাক্স নামে ডাকত।কারণ, ঘরের কোনো কিছু হারিয়ে গেলে ওখানেই খুঁজে পাওয়া যেত। আমি খুব বুনবুনি পছন্দ করতাম। ছোট্ট, গোলাকার টিকটিকির ডিমের মতো দেখতে। লাল-নীল-হলুদ। এক টাকায় এক প্যাকেট পাওয়া যেত। কেউ টাকা দিলে দোকান থেকে এক প্যাকেট বুনবুনি কিনে নিয়ে এসে সারা দিন চকলেটের মতো চুষতাম। আমরা সবাই বুনবুনিকে টিকটিকির ডিম বলতাম। এবার ভরদুপুরে সবাই যখন ঘুমিয়ে, আমি এই সুযোগে আমার গবেষণার জন্য ঘরের স্টিলের পুরোনো আলমারি খুলে তল্লাশি শুরু করলাম। ডান পাশের ড্রয়ার খুলতেই দেখি একটা সাদা রঙের বুনবুনি। আমি খাওয়ার জন্য মুখে নিয়ে যেই কামড় দিলাম, অমনি মুখের ভেতর কিছু একটা নড়াচড়া করা মাত্রই আমি থুতু দিয়ে ফেলে দিলাম। মেঝেতে তাকিয়ে দেখি, ছোট্ট একটা সদ্যোজাত টিকটিকির বাচ্চা দৌড়ে পালিয়ে গেল। ঘৃণায় আমার গা গুলিয়ে উঠল। বাথরুমে গিয়ে অনেকবার কুলি করলাম। ওটা বুনবুনি ছিল না। ছিল সত্যিকারের টিকটিকির ডিম, যা হয়তো কিছু সময় পরে ফুটে বের হয়ে আসত বাচ্চা। এ ঘটনার পর থেকে আমার কৌতূহল অনেকটা কমে গেল। এখন বুঝেশুনে কৌতূহল দেখাই।এস এম মাসুদ