টিকিট কেটে মেয়েদের ফুটবল দেখা

দর্শনীর বিনিময়ে ফুটবল ম্যাচ। দর্শকসারিতে তিলধারণের ঠাঁই নেই। মাঠের পাশের গাছেও উঠে পড়েছেন কিছু দর্শক। খেলোয়াড়েরা মেয়ে বলে নিভৃত গ্রামের এই অন্য রকম টুর্নামেন্টের নাম ‘প্রমীলা ফুটবল টুর্নামেন্ট’। নামে টুর্নামেন্ট হলেও এটি অবশ্য ছিল একটিমাত্র প্রদর্শনী ফুটবল ম্যাচ। প্রতিযোগিতা হয় রাজশাহীর পদ্মা মহিলা স্পোর্টিং ক্লাব ও চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা মহিলা স্পোর্টিং ক্লাবের মধ্যে। আয়োজক নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রাম জাগরণী ক্লাব।
নওগাঁ জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে নিভৃত একটি গ্রাম কালিগ্রাম। প্রায় ৫০ বছর ধরে জাগরণী ক্লাব এই মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে। কিন্তু এই প্রথমবারের মতো তারা দর্শনীর বিনিময়ে মেয়েদের খেলার আয়োজন করেছে।
২৩ মার্চ দুপুর না গড়াতেই জাগরণী ক্লাবের মাঠ ভরে ওঠে ফুটবলপ্রেমী মানুষের মেলায়। মেলাই বটে। যেমন মাঠের ভেতরে, তেমনি বাইরে। মাঠের পাশে অন্তত ৩০টি দোকানে বিক্রি হচ্ছিল পাপড়, চানাচুর, মিষ্টিসহ নানা খাবার। শিশুদের খেলনার পসারও সাজিয়েছে কোনো কোনো দোকানি।
ডেকোরেটরের কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মাঠটি। বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। আর টিকিট না কেটে ভেতরে ঢোকার উপায় নেই। আয়োজকদের কড়া নজরদারি সর্বত্র।
খেলায় প্রথম সারির চেয়ারের দর্শকদের জন্য ৩০ টাকা, দ্বিতীয় সারির জন্য ২০ টাকা। আর যাঁরা দাঁড়িয়ে দেখেছেন, তাঁদের দিতে হয়েছে ১০ টাকা করে। নারী দর্শকদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
দুই দলের ২২ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জনই সাঁওতাল সম্প্রদায়ের। এর মধ্যে মহানন্দার ১০ জন এবং পদ্মার ৩ জন।
রীতিমতো ধারা বর্ণনা চলল খেলাজুড়ে। ধারা বর্ণনায় ছিলেন বাংলাদেশ বেতারের রাজশাহীর ধারাভাষ্যকার আবদুর রোকন।
রাজশাহীর পদ্মা মহিলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের ছয়জনই জেলার বাগমারা উপজেলার। এদের মধ্যে রয়েছে অধিনায়ক স্বপ্না আক্তার। স্বপ্না উপজেলার খদ্দকৌড় বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের খেলোয়াড়। অন্য খেলোয়াড়েরাও স্কুলের শিক্ষার্থী। এদের মধ্যে ছিল শিখা খাতুন, খাদিজা আক্তার, সুমা আক্তার, শিল্পী খাতুন, আঁখি খাতুন, খাদিজা খাতুন, সিনথিয়া খাতুন, সবিতা রানি, সাজুমণি ও তৃপ্তি লাকড়া।
মহানন্দার পক্ষের খেলোয়াড়েরা সবাই চাঁপাইনবাবগঞ্জের মাসুদুল হক ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ দলের অধিনায়ক অষ্টম শ্রেণির নীলমণি কিসকু। দলের অন্য সদস্যরা হচ্ছে খাতিজা খাতুন, সগরী সরেন, কল্পনা হেমব্রম, মার্থা হাসদা, বিনা হেমব্রম, মিনা মুরমু, সুজাতা টুডু, সুরধনি কিসকু, মিনকি মারান্ডি ও সায়মা সরেন।
বিকেল সাড়ে চারটায় শুরু হয় খেলা। শেষ পর্যন্ত পদ্মা মহিলা স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে হারাল মহানন্দা মহিলা স্পোর্টিংকে। প্রথমার্ধে পদ্মা চারটি গোল করে। দ্বিতীয়ার্ধে আরও দুটি। এ সময় মহানন্দা একটি গোল শোধ করে। হেরে গেলেও মহানন্দা দল খেলায় অসামান্য নৈপুণ্য দেখায়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার উৎসাহী দর্শক করতালি দিয়ে উৎসাহ দেন খেলোয়াড়দের।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় স্বপ্না আক্তার। স্বপ্না বলে, এলাকার হাজার হাজার মানুষ তাদের খেলা দেখতে এসেছে। তাদের খুব ভালো লেগেছে। বিজিত দলের অধিনায়ক নীলমণি কিসকুর কথা, ‘আমরা হেরেছি তাতে কিছু এসে যায় না। আমরা ভবিষ্যতে আরও ভালো খেলব। কোনো একটি মাঠে অবশ্যই রাজশাহীকে হারিয়ে দেব।’
মাঠে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার। তিনি বললেন, ‘এখানকার দর্শকেরা খুবই সুশৃঙ্খল। এখানে প্রশাসনের সহায়তার কোনো প্রয়োজনই পড়ে না।’
নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা বেলাল উদ্দিন মণ্ডলও ছিলেন। তাঁর কথা, গ্রামীণ পর্যায়ে এই প্রথম নারীদের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ভবিষ্যতে এই মেয়েরা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যাবে। দেশের জন্য সম্মান বয়ে আনবে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দুই দলকেই ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় ক্রেস্ট।
জাগরণী ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা শাহ (৮০) এই ম্যাচের আহ্বায়ক ছিলেন। খেলা শেষে আপ্লুত হয়ে তিনি বলছিলেন, ‘আমার জন্মের আগে এই মাঠে খেলা শুরু হয়েছে। ভবিষ্যতে আমি থাকব না। এই মাঠে আরও বড় দলের খেলা হবে।’