টিকিট সমর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসি আসি করছে বিশ্বকাপ ক্রিকেট। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মাতামাতিটা এবার তাই শুরু হয়েছে আগেভাগেই। অবশ্য ক্রিকেট নিয়ে না বলে বলা ভালো ‘টিকিট’ নিয়ে। মাঠের ব্যাট-বলের ক্রিকেটযুদ্ধের আগে ঢের আগেই শুরু হয়ে গেছে ‘টিকিটযুদ্ধ’। বিশ্বকাপ ক্রিকেটের খবর আমরা পত্রিকার প্রথম পাতায় দেখে অভ্যস্ত। আয়োজক দেশ হিসেবে এবার নতুন সংযোজন টিকিটযুদ্ধের খবরও ফলাও করে ছাপা হচ্ছে সমস্ত দৈনিকের পাতায় পাতায়। কোনো ছবিতে আমরা দেখি, প্রায় ৪৮টি ঘণ্টা অপেক্ষার পরও টিকিট না পেয়ে হতাশায় নুয়েপড়া তরুণ। কোনো ছবিতে ব্যাংকের সামনে ক্রিকেটপাগল মানুষের দীর্ঘ সারি। কোনো ছবিতে অতি দুর্লভ টিকিটপ্রাপ্তির প্রতিশ্রুতিপত্র পেয়ে হাস্যোজ্জ্বল কারও মুখ। সমস্ত দৈনিকের পাতায় পাতায় এই ক্রিকেটযুদ্ধ-বিষয়ক ছবির ভিড়ে একগুচ্ছ ছবি অবশ্য খুব আলাদা ঠেকে। না, ‘স্বপ্নের টিকিট’ শিরোনামের এই তিনটি ছবির কোনোটাই এককভাবে খুব বেশি মনে দাগ কাটার মতো নয়। কিন্তু টিকিটপ্রার্থীদের ভিড়ে অপেক্ষমান এক নারীর তিনটি ছবি এক হয়ে অসাধারণ একটি ধারাবাহিকতা তৈরি করে। প্রথম ছবিতে ভদ্রমহিলা কোমল পানীয়র বোতল উঁচিয়ে শাসাচ্ছেন নিরাপত্তাকর্মীকে। শেষের ছবিতে সেই ক্রোধবিকৃত মুখেই স্বর্গীয় হাসি। ধারাবাহিক এই ছবিগুচ্ছকে আরও বেশি মহিমান্বিত করে তোলে সঙ্গে জুড়ে দেওয়া জুতসই ক্যাপশন ‘বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষের প্রতীক হয়ে গেলেন এই নারী’। ছবিটি অবশ্য একই সঙ্গে বাংলাদেশের মানুষের অসামান্য ক্রিকেটপ্রীতিরও জ্বলন্ত প্রমাণ। আলোকচিত্রী শামসুল হক যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সেটাও প্রশংসনীয়। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগেই বছরের ক্রিকেটবিষয়ক আলোচিত ছবির তালিকায় এ ছবিটি যে জায়গা করে নিল, সেটা অন্তত নিঃসন্দেহ। — ইকবাল হোসাইন চৌধুরী