টিকে গেল চৌহালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাত নয়টার দিকে এল ফোনটা! ধরতেই ও-প্রান্ত থেকে ভেসে এল, ‘ভাই, পুরা উপজেলা নদীতে চলে গেছে। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। একবার ঘুরে যান, অবহেলিত লোকজনকে নিয়ে কিছু লেখেন।’ কথাগুলো জুয়েল সরকারের। সিরাজগঞ্জের চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক তিনি।
মানুষটার কথায় ভীষণ রকম আকুতি ছিল একটা। ফোন রেখে যাব কি যাব না, দোনোমনা করছি। তখনই মানবমুক্তির পরিচালক আমির হোসেনের ফোন। তিনি বললেন, ‘চৌহালীর বন্যার্তদের মধ্যে আমরা কিছু ত্রাণ বিতরণ করব। চলেন, ঘুরে আসি।’ আলাপ শেষ করে বিষয়টি নিয়ে ঢাকা অফিসের সহকর্মী আবুল হাসনাতের সঙ্গে কথা বললাম। যাওয়ার অনুমতি মিলল, সঙ্গে কিছু নির্দেশনাও।
পরদিন ৯ সেপ্টেম্বর সকালে যমুনা নদীর এনায়েতপুর ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে রওনা হলাম চৌহালীর দিকে। সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা থেকে আগত কয়েকজন কর্মকর্তা আর আমির ভাই তো আছেনই। খানিক পরই আমাদের নৌকা এখানে-ওখানে ধাক্কা খেতে থাকল। ডুবোচরে আটকে পড়ছিলাম আমরা। মাঝি এঁকেবেঁকে কৌশলে এগোচ্ছেন।
একসময় চৌহালী সদর উপজেলা ঘাটে পৌঁছালাম। ঘাটের পাশেই ছিল উপজেলার সর্বশেষ সরকারি স্থাপনা স্বাস্থ্য কমপ্লেক্সটি। চার দিন আগে সেই ভবনটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন সেখানে শুধু পানি আর পানি। এরই মধ্যে যমুনা গিলে খেয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স। শুধু কি উপজেলা পরিষদ! গোটা চৌহালীটাই যেন চলে যাচ্ছে যমুনার পেটে। ত্রাণ বিতরণের জন্য নৌকা এগোতে লাগল মেটুয়ানী গ্রামের দিকে। যেতে যেতে দেখলাম, নদীর পাড় ভেঙেই চলেছে। লোকজন তাদের বাড়িঘর সরিয়ে নিচ্ছে। নৌকাটি মেটুয়ানী বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এসে থামানো হলো। বিদ্যালয়টি নদী থেকে মাত্র ২০ ফুট দূরে। সহস্রাধিক বন্যার্ত মানুষ ত্রাণ নিতে এসেছে। দিনভর যেখানেই গেলাম, সেখানেই নদীভাঙা মানুষের হতাশভরা, শুকনো চোখ-মুখ। রাত নয়টার দিকে সিরাজগঞ্জ শহরে ফিরলাম।
পরদিন প্রতিবেদন লিখে ঢাকা অফিসে পাঠালাম। ১৩ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘মানচিত্র থেকে মুছে যাবে চৌহালী?: গুরুত্বপূর্ণ সব সরকারি দপ্তর নদীভাঙনে বিলীন’ শিরোনামে প্রতিবেদনটি ছাপা হলো। গোটা জেলায় এ নিয়ে তুমুল আলোচনা। সারা দেশ থেকে অসংখ্য ফোন। সময়োপযোগী প্রতিবেদনটির জন্য সবাই ধন্যবাদ জানালেন। ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন, সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভার দিন ধার্য ছিল। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি ছিলেন। প্রথম আলোর প্রতিবেদনটি তাঁর নজরে আনা হলো। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন।
ভাঙনকবলিত উপজেলাটি রক্ষায় সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া শুরু হলো। কোদালিয়ায় উপজেলা পরিষদের স্থায়ী কার্যালয়গুলো স্থাপনের জন্য টিনশেড ঘর নির্মাণের উদ্যোগ নিল সরকার। বরাদ্দ মিলল ৭১ লাখ টাকা। কাজটা অবশ্য আগেই শুরু হয়েছিল। তবে প্রথম আলোর প্রতিবেদন সেই কাজকে আরও বেগবান করল। এদিকে চৌহালী সিনিয়র ফাজিল মাদ্রাসা চত্বরে আধা পাকা টিনশেড ঘরে স্বাস্থ্য কমপ্লেক্সটিও মাথা তুলে দাঁড়াচ্ছে একটু একটু করে। এভাবেই মানচিত্রে হারিয়ে যাওয়া থেকে রক্ষা পেল চৌহালী।
এনামুল হক: সিরাজগঞ্জ প্রতিনিধি