টিনা ও টিফিন, মুম্বাইয়ের 'ডাব্বাওয়ালা'র গল্প

মা কত যত্ন করে প্রতিদিন সকালে টিনার টিফিন বক্স গুছিয়ে দেন। স্কুলে টিফিনের সময় বন্ধুরা যার যার টিফিন নিয়ে একসঙ্গে বসে খায় ওরা। কিন্তু বাবা দুপুরে খায় কী করে! বাবা তো অফিসে কোনো টিফিন-বক্স নিয়ে যায় না!
টিনার মতো ভারতের লাখো শিশুমনের এ জিজ্ঞাসার উত্তর মিলবে ‘টিনা ও টিফিন’ কমিক বইয়ে। আর এ বইয়ের মধ্য দিয়ে ওরা জেনে যাবে মুম্বাইয়ের ‘ডাব্বাওয়ালা’দের গল্প। যারা রোজ শত শত টিফিন-বক্স বয়ে নিয়ে যায় আর লাখো মানুষের খাবার জোগান দেয় অফিসপাড়া, বিপণিবিতান থেকে বাসস্ট্যান্ড-সিনেমাপল্লি মায় শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত।
‘ডাব্বাওয়ালা’ হিসেবে পরিচিতি পাওয়া মুম্বাইয়ের প্রায় পাঁচ হাজার খাদ্যকর্মীর শ্রম ও জীবন সংগ্রামকে তুলে ধরতেই উদ্যোগ নেওয়া হয়েছে এ কমিক বই প্রকাশের। যারা প্রতিদিন প্রায় দুই লাখ মানুষের কাছে ‘লাঞ্চ বক্স’ পৌঁছে দেয়।
নতুন মুম্বাই টিফিন বক্স সাপ্লায়ার্স ট্রাস্টের (এনএমটিবিএসটি) মুখপাত্র সুভাষ তালেকার জানিয়েছেন, বইটির কাহিনিতে দেখা যাবে একদিন টিনা নামের মেয়েটির স্কুলে আসছেন পবন নামের এক গবেষক; যিনি স্কুলের ছেলেমেয়েদের বুঝিয়ে বলবেন কী করে এই ডাব্বাওয়ালারা প্রতিদিন এক অসাধ্য সাধন করে চলেছে।
সুভাষ আরও জানিয়েছেন, বাস্তবিকই ডাব্বাওয়ালাদের নিয়ে পিএইচডি করা গবেষক পবন আগরওয়াল তাদের সঙ্গে কাজ করছেন এবং তাঁর ছায়া অবলম্বনেই কমিকের গবেষক পবনের চরিত্রটি বানানো হয়েছে। তিনিই এ কমিকের রচয়িতা।
মুম্বাই ফিল্ম অ্যান্ড কমিকস কনভেনশনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রোববার প্রকাশ হচ্ছে বইটি। সম্পূর্ণ রঙিন ছবি ও অলংকরণসহ ১৬ পাতার কমিক ‘টিনা ও টিফিন’ স্কুলের ছেলেমেয়েদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হবে।
স্কুলশিশুদের জন্য এমন একটি কমিকের ভাবনা প্রথমে মাথায় এসেছিল এনএমটিবিএসটির সাবেক কর্মকর্তা গঙ্গারাম তালেকারের। কয়েক বছর আগে ব্রিটেনের হোটেল ব্যবসায়ী জামাল ইরানির ‘টিফিন বাইটস’ রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডনে গিয়েছিলেন গঙ্গারাম। মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে, মাথায় টিফিন বক্সের ভারী র্যাক নিয়ে হেঁটে বেড়ানো গঙ্গারাম ও আরও কয়েকজনের ওই প্রদর্শনী ভীষণ নজর কেড়েছিল সবার।
ওই অনুষ্ঠানেই একটি ছোট্ট মেয়ে এই ডাব্বাওয়ালাদের দেখে ভড়কে গিয়ে তার মাকে বলেছিল, ‘মা, মা, দেখো, আমাদের শহরে কিছু এলিয়েন চলে এসেছে।’ মেয়েটির মা পরে তাকে মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের কথা বুঝিয়ে বললে সে শান্ত হয় এবং অনেক আগ্রহ নিয়ে তার শহরে আসা এই এলিয়েনদের দেখে।
এ ঘটনা থেকেই শিশু-কিশোরদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য একটি কমিক বইয়ের ভাবনা নিয়ে কাজ শুরু করেন গঙ্গারাম ও তাঁর সহকর্মীরা। এরপর তাঁরা গবেষক পবন আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে বলেন শিশুদের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে সহজ-সরল ভাষায় একটি গল্প লিখে দিতে।
টিনা ও টিফিন এখন প্রকাশ হচ্ছে কেবল ইংরেজিতে, তবে শিগগিরই হিন্দি, মারাঠিসহ আরও কয়েকটি ভাষায় বইটির সংস্করণ প্রকাশের ইচ্ছা আছে উদ্যোক্তাদের।
মুম্বাইয়ের এই ডাব্বাওয়ালারা ইতোমধ্যেই আন্তর্জাতিক ব্যবস্থাপনা ও গবেষণা অধ্যয়নের বিষয় হয়েছেন, বড় বড় ব্যবসা ও ব্যবস্থাপনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। বিস্তর গবেষণাপত্র, লেখালেখি হয়েছে তাদের নিয়ে। হয়েছে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রও। এবার তাঁরা এলেন শিশুদের কমিকসে, তারপর কী?