টিপ
আমার ছোট্ট মেয়ে টিপ। সারা দিন শুধু দুষ্টুমিভরা হাসিতে মাতিয়ে রাখে। দুটি দাঁত মাত্র উঠেছে। আর এখনই আমার হাত কিংবা ওর বাবার হাত কাছে একবার পেলে হয়, জানপ্রাণ দিয়ে কামড়ানোর চেষ্টা করে। আমার বা ওর বাবার তেমন ব্যথা লাগে না কখনো। ওর তো কেবল নিচের পাটিতে দুটি দাঁত উঠেছে। ওপরের পাটিতে মাত্র উঠি উঠি করছে। কদিন পরই হয়তো কামড়ে রক্ত বের করে দেবে। আমার মেয়েটা এখনো ভালো করে দাঁড়াতেই পারে না। কিন্তু হাতের কাছে যা পাবে, তা-ই ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। মাঝেমধ্যে আছাড় খায়। কিন্তু একবারও কাঁদে না। আমি জানি না, ওর ব্যথা লাগে কি না। তবে ও পড়ে গেলে আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই বুঝি টিপের কিছু হলো। আমি সব সময় ওর খেয়াল রাখি। সকালবেলা আমার আর ওর বাবার ঘুম ভাঙার আগেই ও জেগে ওঠে। কখনো হামাগুড়ি দিয়ে ওর বাবার বুকের ওপর উঠে বসে। আধো আধো কণ্ঠে ‘বাবা’ বলে ডাকে। ওর বাবা মেয়েকে জড়িয়ে ধরে আদর করে। আমি জানি, টিপ ওর বাবার খুব আদুরে হবে। আমার চেয়ে হয়তো ওর বাবাকে বেশি ভালোবাসবে। এখনই তাই ওর বাবা বাইরে থেকে এলে আমার কোল থেকে ওর বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। তবে যা-ই হোক, আমরা দুজনই আমাদের মেয়েকে ভালোবাসি। খুব ভালোবাসি। এটা আমার কল্পনা।আমি সারা দিন শুধু এমন করেই আমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি। ওকে তো এখনো পৃথিবীর আলো দেখাতে পারিনি। ওকে ধীরে ধীরে আমার মধ্যে বড় করে তুলছি। ও একদিন জন্ম নেবে। ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। দাঁড়াতে শিখবে, হাঁটতে শিখবে। ‘মা’ বলে ডাকতে শিখবে। বর্তমানের আম্মু আর মাম্মির ভিড়ে আমার মেয়েটা যেন ‘মা’ ডাকটা ভুলে না যায়। আমার টিপ যেদিন আমাকে প্রথম ‘মা’ বলে ডাকবে, সেদিন হয়তো আমার পৃথিবীর কোনো এক কোণে আমার সুখপাখিটা ডেকে উঠবে। কৃষ্ণকলিনতুন উপশহর, যশোর।