টিপাইমুখ অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ভোরেই শিলচরের হোটেল ছেড়েছিলাম। সকাল ছয়টার মধ্যেই আমাদের পৌঁছাতে হবে ফুলেরতল। আসামের কাছার জেলা সদর শিলচর থেকে ফুলেরতলের দূরত্ব ২৫ কিলোমিটার। কাছারের লক্ষ্মীপুর থানার একটি জনপদ। পাহাড়ি এলাকা। মনোরম প্রাকৃতিক দৃশ্য। একটি ট্যাক্সি রিজার্ভ করে আমাদের চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জিকে সঙ্গে নিয়ে পৌনে ছয়টার মধ্যেই পৌঁছে গেলাম ফুলেরতল। এখান থেকেই শুরু হবে আমাদের দুঃসাহসিক সেই টিপাইমুখ অভিয়াত্রা। টিপাইমুখ ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের সীমান্তে অবস্থিত। এর অবস্থান মণিপুরের চূড়াচানপুর জেলার পরবাং মহকুমায়। ফুলেরতল থেকে বাংলাদেশের সীমান্ত প্রায় ১০০ কিলোমিটার। আর টিপাইমুখও সমদূরত্বের। আগেভাগেই ক্যামেরা ও মোবাইলে পুরো চার্জ দিয়ে সঙ্গে একটি বড় টর্চলাইটও নিয়েছিলাম। আমাদের বিদায় দিতে এলেন জিষ্ণু দত্ত। জিষ্ণু আবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি অব অ্যাক্টিভিটস ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট’ বা সেইফের স্থানীয় সাধারণ সম্পাদক। তিনিই আমাদের টিপাইমুখ যাওয়ার সব ব্যবস্থা করে দেন। নৌকায় ওঠার আগে সকালের নাশতা সারছি এমন সময় জিষ্ণুর বন্ধু বাবলু একটি কাগজ এনে জিষ্ণুর হাতে দিল। এই কাগজটি টিপাইমুখ যাওয়ার ছাড়পত্র। টিপাইমুখের গোটা পাহাড়ি পথ এখনো নিয়ন্ত্রণ করে এখানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাড় পিপলস কনভেনশন (ডেমোক্রেটিক) বা এইচপিসিডি। এই এইচপিসিডি পৃথক ‘মাড়রাম’ রাজ্য প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে। এই সংগঠনের সভাপতি লালমিংথান সুনতে। থাকেন ফুলেরতলে। ওই নেতার বাড়িতে আগের দিন বিকেলে জিষ্ণু আমাদের নিয়ে যান। নেতা কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। তবে সাংবাদিকেরা যাতে ওই পথে নির্বিঘ্নে যেতে পারেন তার ব্যবস্থা তিনি করে দিলেন। সেক্রেটারি এসে জানান, পরের দিন সকালে যেন এসে ওনার চিঠি আমরা নিয়ে যাই। সেই চিঠিই এনে তা তুলে দিল জিষ্ণুর হাতে। কম্পিউটারে কম্পোজ। ইংরেজি হরফে মাড় ভাষায় লেখা। আমরা নিশ্চিত হলাম যে এবার সত্যি সত্যিই যেতে পারব টিপাইমুখ। ইতিমধ্যে আমাদের সামনে এসে হাজির দোভাষী রাহুল। বাঙালি যুবক। আমরা যাতে পথিমধ্যে বা টিপাইমুখে ভাষাগত কোনো সমস্যার মধ্যে না পড়ি সে জন্য আগাম এ ব্যবস্থা। ভয়ও অনেকটা কেটে গেল। কাগজপত্র আর আমাদের খাবারদাবার নিয়ে আমরা যথারীতি ওই ইঞ্জিনচালিত নৌকায় উঠি। সকাল আটটায় ফুলেরতল ছাড়ে আমাদের নৌকা। যাত্রী আমি, আমাদের চিত্রগ্রাহক এবং দোভাষী। আর নৌকার পাইলট চন্দনসহ আরও দুজন সহকারী। মেঘমুক্ত আকাশ। বরাক নদীর বুক চিরে ঝমঝম করে পানি নামছে।আমাদের বিদায় জানাল জিষ্ণু ও বাবলু। বাবলু স্থানীয় এক ঠিকাদার। জিষ্ণুর বন্ধু। উজান ঠেলে স্রোতের বিপরীতে চলছে আমাদের নৌকা। কিছুদূর যাওয়ার পর দেখি নদীর মাঝে মাথা উঁচু করে আছে একটি পাহাড়ের চূড়া। সেই চূড়ার পাশ ঘেঁষেই চলে গেল আমাদের নৌকাটি। মূলত দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে বরাক নদী। দুপাশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য। আমরা চলেছি দুই পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা নদীপথে। ঘণ্টা দুই যাওয়ার পর আমরা পৌঁছি কচুরবালিতে। সামনে ক্যাম্প রয়েছে এইচপিসিডির। ইতিমধ্যেই নৌকা থামানোর সংকেত পেল পাইলট। এখানে আদায় করা হয় নদীপথের টোল। বেআইনিভাবে। কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের এখানে। এইচপিসিডির কর্মীরা সন্দেহ হলে কাউকে মারধরও করে। আমাদের দোভাষী রাহুল সেই অনুমতিপত্র নিয়ে উঠে গেল পাহাড়ের সেই ক্যাম্পে। আর আমরা অপেক্ষা করছি নৌকায়। কিছুক্ষণ পর ফিরে আসে দোভাষী। বলে, ওদের ওই কাগজটি দেখানোয় আর আপত্তি করেনি। ফাঁড়া কাটিয়ে আমরা আবার চললাম। নদীর দুধারে পাহাড়। পাহাড়ের গা-জুড়ে কলা আর বাঁশঝাড়। মাঝে আদাবাগান। এখানে প্রচুর কলা, বাঁশ আর আদা হয়। তখন দুপুর হয়ে গেছে। একমনে চলছে নৌকা টিপাইমুখের দিকে বরাক নদীর উজান ঠেলে আঁকাবাঁকা পথ বেয়ে। পাইলটকে বললাম রান্নার ব্যবস্থা করো। খাদ্যতালিকা ভাত, আলু ভর্তা, ডিম ও ডাল। নৌকায় থাকা তেলের টিন কেটে বানানো একটি চুলায় রান্নার উদ্যোগ শুরু হয়। রান্না চলছে, নৌকাও চলছে। দুপাশ দেখছি। আকাশ থেকে উড়ে যাওয়া নানা পাখির ঝাঁকও আমাদের চোখ এড়াল না। রান্না শেষে আমাদের খাওয়ার পালা। তখন বিকেল প্রায় চারটে। আবার নৌকা থামাল নদীর পাড়ে। বিশাল কলাবাগান পাহাড়ের ঢাল ধরে। দা নিয়ে পাহাড়ে উঠে গেল নৌকার সেই দুই সহকারী। তারপর কলাপাতা কেটে নিয়ে এল। আমরা সেই কলাপাতায় পেটভরে ভাত খেলাম। অপূর্ব রান্না। সন্ধ্যা হয়ে আসছে। নীরব চারদিক। গোটা নদীপথে আমাদের এই একটি মাত্র নৌকা চলছে। নদীর পানিরও স্রোত বেড়ে গেছে। যতই টিপাইমুখের দিকে যাচ্ছি ততই স্রোত বেড়ে যাচ্ছে। কমে যাচ্ছে নৌকার গতি। অন্ধকার তখন ছেয়ে ফেলেছে গোটা এলাকা। এবার সত্যিই একটু গা ছমছম করে উঠল। যদি কেউ এসে আমাদের আক্রমণ করে? সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নদীর স্রোতের এক বিকট শব্দ আমাদের সত্যিই ভয় লাগিয়ে দেয়। বাড়ছে নদীর স্রোত। চারদিকে অন্ধকার। কোথাও বিদ্যুতের ব্যবস্থা নেই। মাঝে মাঝে পাহাড়ের উঁচুতে দেখা যায় আলোর চিহ্ন। হঠাৎ এক বিকট আওয়াজ। ভাবলাম পাহাড় থেকে কি কোনো বিচ্ছিন্নতাবাদী আমাদের নৌকা লক্ষ্য করে গুলি ছুড়েছে? মুহূর্তের মধ্যে আতঙ্কে ছেয়ে গেল আমার মন। ততক্ষণে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। পাইলট জানাল ইঞ্জিন খারাপ হয়ে গেছে। কী করব এখন। বললাম আর কত ঘণ্টার পথ আছে? পাইলট জানাল, অন্তত ঘণ্টা পাঁচেকের। কী করে যাব? আমার তো যেতেই হবে। আমরা তখন পাহাড়ঘেঁষা কানটুম গ্রামে। পাইলট বলল, আমরা যে পাহাড়ে আলো দেখেছিলাম সেখানের দিকে চলুন। তখন তো ওখানে নদীর পাড়ে একটি নৌকাও দেখেছিলাম। চলুন খোঁজ নিয়ে দেখি একটা কিছু ব্যবস্থা করা যায় কি না?আবার ভাটির দিকে চললাম আমরা। আধা ঘণ্টা ভাটির দিকে নেমে আমরা টিউলিন গ্রামের নদীর তীরে নৌকা থামাই। নদীর পাড়ে নৌকাটি নোঙর করে পাইলট এবং দোভাষী পাহাড়ের সেই আলোর দিকে এগিয়ে যায়। তখন নদীর পাড়ে অবশ্য দেখা যায় আমাদের মতো আরেকটি নৌকা। রাত তখন নয়টা বেজে গেছে। পাইলটকে নিয়ে পাহাড়ে উঠলাম। চলে এলাম সেই আলোর ঠিকানায়। বড় একটি বাঁশের ঘর। ২০-২৫ জন মানুষ কথা বলছে। বুঝলাম এরা এই এলাকার বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে। খুঁজে পেলাম এলাকার নেতাকে। সুদর্শন একজন মানুষ। বয়স ৩৫-৩৬ বছর। ঠিকাদারি করেন। নাম লালরিংয়াম ইনবুন। ইনিই ওই নৌকার মূলত মালিক। সাংবাদিক শুনে ভদ্রলোক খুশি হলেন। আমাদের যাওয়ার ব্যবস্থা করলেন। মাড় সম্প্রদায়ের নানা বঞ্চনার কথাও বললেন। বললেন, এই এলাকাটি মাড় সম্প্রদায়-প্রধান হলেও তারা সর্বত্র বঞ্চিত। চাকরি নেই, কাজ নেই। তাই তারা প্রাকৃতির সৌন্দর্য আর ধ্বংস করে এখানে বাঁধ বানাতে দেবে না। এই লক্ষ্যেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। রাত ১০টায় এখান থেকে ফের যাত্রা শুরু হয় আমাদের। রাত আড়াইটায় আমরা পৌঁছি টিপাইমুখে।