টিপাইমুখে পা
রাত আড়াইটায় পৌঁছার পর আমরা আর টিপাইমুখ গ্রামে নামিনি। অপেক্ষায় ছিলাম ভোরের। ভোর হলো। আমরা পা রাখলাম টিপাইমুখে। ছোট্ট একটি গ্রাম। পাহাড়ের ওপর। বিদ্যুৎ নেই। নেই টেলিফোন, হাসপাতাল, টেলিভিশন কোনো কিছুই। আমরা নৌকা থেকে নেমে মাটিতে পা দিলাম। মনে হলো যুদ্ধজয়ের এক নতুন স্বাদ। আমরা পাহাড়ে উঠছি। এখানে আসার আগেই শুনে এসেছিলাম এই টিপাইমুখে একজন মাত্র বাঙালি আছেন। তিনি আবার মাড় সম্প্রদায়ের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে এখানে স্থায়ী হয়েছেন। নাম উদয় দাস।আমরা পাহাড়ে ওঠার মধ্যেই হঠাৎ দেখা হলো সেই বাঙালি যুবক উদয় দাসের সঙ্গে। আসামের কাছারের মানুষ ও। ওর চেহারাই আমাদের বলে দিয়েছিল ইনিই হবেন সেই উদয় দাস। তারপর এই উদয় দাসই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান টিপাইমুখ গ্রাম। আমরা যখন পাহাড়ের একেবারে শীর্ষে উঠে এসেছি, তখন দেখলাম এক প্রবীণ উপজাতি একটি শূকরকে খাবার খাওয়াচ্ছে। উদয় দাস আমাদের সঙ্গে কথা বলিয়ে দেন এলাকার প্রাক্তন চেয়ারম্যান রোহিমিং তান, সেক্রেটারি মাংনেই এবং বর্তমান চেয়ারম্যান ল মাংয়ের সঙ্গে। আমরা তাঁদের কাছে কথাও শুনি। সবার এক কথা তারা টিপাইমুখে বাঁধ চায় না। যেভাবে আছে সেভাবে এই প্রাকৃতিক সম্পদকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তারা। উদয় দাস পাহাড়ে ওঠার পরই আমাদের চা খাওয়ার নিমন্ত্রণ জানান। আমরা গ্রহণ করি। টিপাইমুখ ঘোরার পর আমরা উদয় দাসের বাড়ি যাই। পরিচয় হয় ওর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে। ওদের বাড়ি বেড়িয়ে আবার বেরুলাম টিপাইমুখ ঘুরতে। শুনলাম টিপাইমুখের সুখদুঃখের গাথা। এরপর আমাদের ফেরার পালা। ফেরার সময় আমাদের নৌকায় দুই মাড় জঙ্গি উঠে পড়ে। আমরা তাদের চিনতে পারিনি। দুই বিচ্ছিন্নতাবাদী আমাদের অনুমতি না নিয়ে নৌকায় থাকা আমাদের পানির বোতল নিয়ে পানি খেতে শুরু করে। শুধু তা-ই নয়, আমাদের কেনা কলাও তারা খেয়ে নেয়। ভয়ে আমরা চুপ হয়ে থাকি। যদি কোনো বিপদ ঘটায় ওরা? ইতিমধ্যে আমরা যথাসময়ে সেই নেতার ঘাটে পৌঁছে যাই। ওই বিচ্ছিন্নতাবাদীরাও নামে ওই ঘাটে। যখন আমাদের দোভাষী জানান যে আমরা তাদের সেই নেতার আমন্ত্রিত অতিথি, তখন ওই বিচ্ছিন্নতাবাদীরা তা শুনে তো হতবাক। সঙ্গে সঙ্গে আমাদের ব্যাগ তারা নিজেরা বহন করে পাহাড় বেয়ে নিয়ে যায় ওই নেতার সেই ডেরায়। ওখানেও ওদের রান্না আমাদের পছন্দ না হওয়ায় আমরা সেখানে চা ও বিস্কুট খেয়ে বিদায় নিই।