
জামান সাহেব বিকেল বেলা অফিস থেকে ফিরছেন। খেয়াল করে দেখলেন, রাস্তার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চলছে। মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্যাক্সি থামিয়ে থামিয়ে লোকজনের ব্যাগ চেক করা হচ্ছে। জামান সাহেব নিশ্চিন্ত। কারণ, তিনি বাসে বসে আছেন।
যা-ই হোক, কোনো ঝামেলা ছাড়াই তিনি বাড়ি ফিরলেন। বাসায় ঢোকার আগেই দরজার এপাশ থেকে শুনলেন, তাঁর স্ত্রী আমেনা বেগম পাশের বাসার ভাবি রেশমী বানুর সঙ্গে খোশগল্প করছেন। দরজার পাশে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলেন তাঁদের কথাবার্তা—
: তারপর ভাবি, কখন রওনা হচ্ছেন?
: এই তো, আপনার ভাই ফিরলেই।
: তা ভাবি, ভাইজান এখন ঠিকঠাক আছেন তো? নাকি সুযোগ পেলেই...?
: আরে না ভাবি, ওর এত সাহস নেই যে এমন টাইট দেওয়ার পরও ওই পথে পা বাড়াবে!
: তা আপনি ঠিকই বলেছেন, সবার সামনে যেভাবে সাঁড়াশির মতো ধরেছিলেন সেদিন! তা দেখে আমার উনিও থরথর করে কাঁপছিল।
জামান সাহেব আর সহ্য করতে পারলেন না। ঘরের ভেতরে ঢুকে পড়লেন খুক খুক করে কাশি দিয়ে। তাঁকে দেখেই রেশমী বানু বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালেন। প্রতিদিনের মতো আজও আমেনা বেগম স্বামীর হাত থেকে ব্যাগ নিতে গেলেন। জামান সাহেব যকের ধনের মতো ব্যাগটা আগলে রাখতে রাখতে বললেন, ‘আমার ব্যাগ পুরোপুরি রেডি। গত রাতেই সবকিছু গুছিয়ে রেখেছি। চলো, আমরা তাড়াতাড়ি বের হই, অনেক দূর যেতে হবে।’
ব্যাগ রেডি শুনে খুশিই হলেন আমেনা বেগম। একটা লাগেজ দেখিয়ে বললেন, ‘বাবা ইতিমধ্যে সিএনজি পাঠিয়ে দিয়েছে, লাগেজটা নিয়ে গিয়ে ওঠাও।’
: বাহ, দ্য গ্রেট সিএনজিওয়ালা শ্বশুরমশাই আমার!
কথাটা শুনে চটে গেলেন আমেনা, ‘সিএনজিওয়ালা মানে? আমার বাবা কি সিএনজি চালায়? সিএনজিওয়ালা বলছ কেন? আমার বাবা সিএনজির মালিক! পারবা জীবনে একটা সিএনজি কিনতে? একটা রিকশাও তো কিনতে পারবা না!’
: আরে আমেনা বেগম, রাগ করতেছ কেন! বাড়ির মালিককে বাড়িওয়ালা, সিএনজির মালিককে সিএনজিওয়ালা...সূত্র তো ঠিকই আছে, তা-ই না?
: ও। আমি ভেবেছিলাম, রিকশাওয়ালার সূত্রে ফেলছ। যা-ই হোক, তাড়াতাড়ি যাও, লাগেজটা রেখে আসো।
: আচ্ছা, আগে ব্যাগটা রেখে আসি। তারপর এটা নিচ্ছি।
ব্যাগ-লাগেজ রেখে দুজন সিএনজিচালিত অটোরিকশায় চেপে বসলেন। অটোরিকশা চলছে। মাঝারি টাইপের জ্যামট্যাম জয় করে তুলনামূলক তাড়াতাড়িই গন্তব্যের দিকে ধেয়ে যাচ্ছেন তাঁরা। ঠিক সে সময় সামনে পড়ল একটা পুলিশ চেকপোস্ট। অটোরিকশা থামিয়ে লাগেজ খুলতে বললেন এক পুলিশের সদস্য। জামান সাহেব চটপট সব খুলে দেখালেন। আমেনার হাতব্যাগ, নিজের ব্যাগ—সব। কোথাও কোনো সমস্যা নেই। পুলিশও খুশি, জামান সাহেবও খুশি। তবে হঠাৎ তাঁর মুখ শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেল! পুলিশ তাঁর ব্যাগে রাখা একটা ছোট্ট টিফিন বক্সের দিকে নজর দিয়েছে। কিছু জিজ্ঞেস করার আগেই জামান সাহেব বললেন, ‘ওতে কিছু নেই, টুকটাক খাবার জাস্ট...।’
পাশ থেকে আমেনা বেগম বলে উঠলেন, ‘এই টিফিন বক্স তুমি কোথায় পেলে? এটা তো আমাদের না! আর আমি তো তোমাকে কোনো খাবারও দিইনি! এত যত্ন করে এই খাবার তোমাকে কে দিল? কার এত দরদ তোমার জন্য, শুনি?’
জামান সাহেব পড়লেন উভয় সংকটে। সংকটে পড়ে আমতা-আমতা করছেন আর পুলিশের সন্দেহ বাড়ছে। পুলিশ সদস্য চোখ সরু করে গুরুগম্ভীর কণ্ঠে বক্সটা খুলে দেখানোর নির্দেশ দিলেন।
জামান সাহেব হাত কচলাকচলি করছেন, ‘ভাই, সত্যি বলছি, এর মধ্যে বোমাটোমা কিসস্যু নাই! আমাদের যেতে দিন।’
আমেনা বেগম রেগে অগ্নিশর্মা, ‘তুমি বক্সটা খোলো, নয়তো তোমার খবর আছে...!’
পুলিশকে অনুরোধ করা যায়, কিন্তু বউ তো অনুরোধের ঊর্ধ্বে! মহা মহা মহাসংকটে পড়ে গেলেন জামান সাহেব। হঠাৎ করে বলে বসলেন, ‘পুলিশ ভাই, বক্সটার ভেতর বাসি খাবার আছে। এটা এখানে খোলা যাবে না। আপনি আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন। তারপর খুলে দেখাচ্ছি।’
জামান সাহেবের মুখের কথায় বিশ্বাস না রেখে দলে দলে পুলিশ এসে অটোরিকশাটা ঘিরে ধরল। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডও চোখের পলকে এসে হাজির। জনসাধারণ কিছুটা দূরে দাঁড়িয়ে ফেসবুক লাইভও শুরু করে দিয়েছে! সে এক এলাহি কাণ্ড!
যা-ই হোক, ঘণ্টা খানেক পর জামান সাহেবের সব অনুরোধ উপেক্ষা করে বোমা নিষ্ক্রিয়কারী দল সবার সামনে বিশেষ সতর্কতার সঙ্গে টিফিন বক্সটার মোড়ক উন্মোচন করল! ভেতরে যা পাওয়া গেল তা দেখে সবাই থ। একমাত্র আমেনাই থ হলেন না। রুদ্রমূর্তি ধারণ করে স্বামীর দিকে ধেয়ে গেলেন তিনি। পুলিশ তাড়াতাড়ি জামান সাহেবকে তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করতে লাগল। আমেনা চিলচিৎকার করে উঠলেন, ‘তোমার এত্ত বড় সাহস! সেদিন সবার সামনে টাইট দেওয়ার পরও তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়া ছাড়োনি! দিনকে দিন তোমার ডায়াবেটিস বাড়ছে, আর তুমি কিনা মিষ্টিভর্তি টিফিন বক্স নিয়ে ঘুরে বেড়াও! আজ তোমার এক দিন কি আমার এক দিন...!’
জামান সাহেব মাথা নিচু করে পাশে থাকা এক পুলিশকে বিড়বিড় করে বললেন, ‘এ জন্যই আমি ছলেবলে বউয়ের সামনে বক্সটা খুলতে নিষেধ করছিলাম...!’
পুলিশ ভদ্রলোক কাষ্ঠহাসি হেসে বললেন, ‘আমরা ভেবেছিলাম, বক্সটা খুললে বোমা বা গ্রেনেড পাওয়া যাবে, পারমাণবিক বোমা ফাটবে ভাবিনি!’