টিভি চ্যানেলে কাজ করতে হলে

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) ছয় মাসের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে। যাঁরা টেলিভিশন চ্যানেলে কাজ করতে চান, তাঁরা এই প্রশিক্ষণ নিতে পারেন।
প্রশিক্ষণের বিষয়াদি
বিসিটিআই যেসব বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এর মধ্যে রয়েছে টেলিভিশনের ইতিহাস, ক্যামেরা, শব্দ সম্পাদনা, কম্পিউটার গ্রাফিকস, অনুষ্ঠান প্রযোজনা, প্রোডাকশন ম্যানেজমেন্ট, চিত্রনাট্য, সেট ডিজাইন, সাজসজ্জা, মেকআপ, অনুষ্ঠান উপস্থাপনা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ প্রভৃতি বিষয়ে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
সম্প্রতি এই বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে। নিজের হাতের লেখা আবেদনপত্রে প্রার্থীর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মুঠোফোন নম্বর প্রভৃতি উল্লেখ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে। ১৮ ডিসেম্বরের মধ্যে বিসিটিআইয়ের অফিসে সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আর এই প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন স্নাতক পাস।
পরীক্ষাপদ্ধতি ও ভর্তি ফি
বিসিটিআইয়ের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. মারুফ নাওয়াজ জানান, আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর মধ্যে লিখিত ৮০ ও মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আর বাকি ৪০ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলি ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকবে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের জন্য ২০ হাজার টাকা করে ভর্তি ফি নেওয়া হবে। মারুফ নাওয়াজ আরও জানান, এই প্রশিক্ষণ দেওয়া হবে সপ্তাহে পাঁচ দিন, সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। আর প্রশিক্ষণ দেবেন দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
আরও জানতে: এই প্রশিক্ষণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, দারুস সালাম, মিরপুর রোড, ঢাকা ১২১৬। মোবাইল: ০১৫৫২-৪৬১১৮৪, ০১৭১৬-১২১০৫৫।