টিম বাংলাদেশের অন্য রকম সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিইসি মোড় থেকে সাগরিকা সড়ক পর্যন্ত পুলিশের নিরাপত্তাবেষ্টনী। কিছুদূর পর পর পুলিশ। তাঁদের ওয়ারল্যাস সেটগুলো ব্যস্ত। এত পুলিশ কেন? এমন প্রশ্ন উৎসুক জনতার মনে। একটু পরই সাইরেন বাজিয়ে পুলিশের দুটি পিকআপ বের হলো হোটেল পেনিনসুলা থেকে। পিকআপের মাঝখানে গ্রামীণফোনের লোগো লাগানো একটি বাস। ভেতরে ‘টিম বাংলাদেশ’র সদস্যরা। গত রোববার এভাবে পুলিশ পাহারায় জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে পৌঁছে জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামে আগেও অনেকবার এসেছে ক্রিকেট দল। কিন্তু পুলিশের এত তোড়জোড় দেখা যায়নি। চোখে পড়েনি এত নিরাপত্তাব্যবস্থা। কিন্তু এবার কেবল তিন দিনের অনুশীলন ক্যাম্প করতে এসে এমন পুলিশ পাহারা! কেন? উত্তরটা শোনা যাক দলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাতের মুখে। তিনি বলেন, ‘এখন তো বাংলাদেশি ক্রিকেটারেরা তারকা। সামনে আবার বিশ্বকাপ ক্রিকেট। তার ওপর স্টেডিয়ামে কাজ চলছে। শ্রমিকসহ নানা শ্রেণীর মানুষের আনাগোনা। যাতে কোনো সমস্যা না হয় তাই...।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। সামনে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজেও সেরকমই একটি ফলাফল প্রত্যাশা ক্রীড়ামোদীদের। সেই সিরিজের প্রস্তুতি নিতেই পুরো দলকে নিয়ে চট্টগ্রাম এসেছিলেন জেমি সিডন্স। তাঁদের নিরাপত্তায় প্রায় দেড় শ পুলিশ অনুশীলনের প্রথম দিন নিয়োজিত ছিল বলে জানান তানভীর আরাফাত। র‌্যাবের একটি গাড়িও সার্বক্ষণিক উপস্থিত ছিল স্টেডিয়ামে। তবে এত নিরাপত্তায়ও ক্রিকেটার বা অন্যরা শঙ্কিত ছিলেন না। কারণ এ যে দারুণ সম্মানের। ক্রীড়ামোদীরা নিউজিল্যান্ডের পর জিম্বাবুয়েকেও বাংলা (হোয়াইট) ওয়াশের স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু এখনই এ রকম ভাবছেন না কোচ ও ক্রিকেটারেরা। তিন দিনের কোচিং ক্যাম্পে এসে জেমি সিডন্স জানালেন, ‘হোয়াইট ওয়াশ নয়, আমরা সিরিজ জিততে চাই। কারণ জিম্বাবুয়ে শক্ত দল।’ একই কথা মাশরাফি বিন মর্তুজার কণ্ঠেও। ‘জিম্বাবুয়ে ভালো দল। আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জয়।’ তিন দিন চট্টগ্রামে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করে গত মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে ক্রিকেট দল। চোট কাটিয়ে তামিম ইকবাল ও মাশরাফিও ক্যাম্পে যোগ দেন। সামনের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার ইচ্ছাটাও জানিয়ে গেলেন তামিম। বলেন, ‘আমরা ক্যাম্পটা বেশ উপভোগ করেছি। অনেকদিন একসঙ্গে এভাবে অনুশীলন করিনি। তাই এটা বেশ ভালো একটা ক্যাম্প হয়েছে। সেই সঙ্গে উইকেট ও মাঠের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটা কাজ দেবে বলে মনে করছি।’তিন দিনের অনুশীলন দেখতে প্রধান নির্বাচক রফিকুল আলম ও আকরাম খানও চট্টগ্রাম এসেছিলেন। তাঁরাও এ ক্যাম্পের প্রশংসা করেন। রফিকুল আলম বলেন, ‘ঢাকায় সবাই বাসায় থেকে প্র্যাকটিস করে। তিন দিন একসঙ্গে হোটেলে থেকে প্র্যাকটিস করার আলাদা গুরুত্ব রয়েছে।’