টুইটারে রাজনীতিকেরা
খুদে ব্লগ লেখার (মাইক্রো ব্লগিং) ওয়েবসাইট টুইটার এখন সাধারণ লোকজনের পাশাপাশি রাজনীতিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। টুইটারে পাঠানো বার্তা বা টুইট অনেকটা পুরোনো দিনের টেলিগ্রামের মতো। ১৪০ অক্ষরের বেশি হয় না কখনো এই বার্তা। টুইটারে যাঁর অ্যাকাউন্ট আছে, তিনি কম্পিউটার বা মোবাইল ফোন যেকোনোটি থেকে টুইট পাঠাতে পারেন। বিশ্বের তাবড় তাবড় রাজনীতিক টুইটারে তাঁদের অ্যাকাউন্ট খুলেছেন। একমাত্র টুইটারের মাধ্যমে তাঁরা ভোটারদের খুব কাছে সহজেই যেতে পারছেন। তাঁদের সঙ্গে বার্তা বিনিময় করতে পারছেন। যেকোনো বিষয়ে তাঁদের মতামত ও প্রতিক্রিয়া জানতে পারছেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইটারে অ্যাকাউন্ট (@barakobama) খোলেন বহু আগে। ২৭ এপ্রিল টুইটারের সদস্য হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। ‘তিনি শাভেজক্যানদানগা’ নামে একটি অ্যাকাউন্ট খোলেন। ইতিমধ্যে টুইটারে তাঁর ফলোয়ারের (টুইটারে অনুসরণকারী) সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। শাভেজ তাঁর টুইটার বার্তায় লেখেন, ‘টুইটারের মাধ্যমেই আমি আমার সমর্থক এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে চাই। যোগাযোগ করার একটি ভালো মাধ্যম এটি।’ শাভেজ টুইটার বার্তায় তাঁর সমর্থকদের এতে যোগ দেওয়ার আহ্বান জানান। এখন প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ শাভেজের ফলোয়ার হচ্ছেন।চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিজে টুইটারে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি দেশটির মন্ত্রিসভার সব সদস্যকে টুইটারে অ্যাকাউন্ট খোলার অনুরোধ জানিয়েছেন।গত বছরের জুন মাসে জাপানে মাত্র তিনজন রাজনীতিকের টুইটারে অ্যাকাউন্ট ছিল। এখন ওই সংখ্যা ৪৮৫ ছাড়িয়েছে। জার্মানিতে ৫৭৭ জন রাজনীতিক টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। তাঁদের এক-চতুর্থাংশ খুলেছেন ২০০৯ সালে। টুইটারে আর যেসব রাজনীতিক অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর আর্নল্ড শোয়ার্জনিগার, মার্কিন সিনেটর জিম ডে মিল্ট, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু।চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার মুখপাত্র ভন বায়ের বলেন, টুইটার হচ্ছে জনগণের মতামত জানার একটা ভালো মাধ্যম। প্রেসিডেন্ট পিনেরা কোনো বিষয়ে সংবাদ সম্মেলন করার আগে তা টুইটারে পাঠান জনগণের প্রতিক্রিয়া জানার জন্য। এতে সিদ্ধান্ত গ্রহণে খুব সুবিধা হয়। বায়ের বলেন, তবে এটা ঠিক যে প্রতিটি টুইটারের জবাব দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে।বারাক ওবামার টুইটার অ্যাকাউন্টে প্রতিদিন ২১ হাজার বার্তা আসে। এর মধ্যে মাত্র নির্বাচিত ১০টি বার্তার জবাব দেন তিনি। বারাক ওবামার বর্তমান ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে ২২ লাখ । আর্নল্ড শোয়ার্জনিগারের ফলোয়ারের সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের ফলোয়ারের সংখ্যা ১৬ লাখ ৯০ হাজার এবং মার্কিন সিনেটর জন ম্যাককেইনের ফলোয়ারের সংখ্যা ১৪ লাখ ২০ হাজার।বহুমুখী স্বভাবের লোকজনের ক্ষেত্রে টুইটার বেশ ভালো কাজ করে। টুইটারে যখন কেউ বার্তা পাঠায়, তখন মনে হয় এটি একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয়টা মোটেও ব্যক্তিগত নয়। এটা মূলত সবার জন্য উন্মুক্ত। কাজেই এখানে পাঠানো বার্তা খুব সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দিতে হবে। একটুখানি ভুল অনেকের সর্বনাশ ডেকে আনতে পারে।চলতি বছরের ১২ জানুয়ারি হাইতিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারায় দুই লাখেরও বেশি মানুষ। সে সময় অনেক রাজনীতিক টুইটারের মাধ্যমে হাইতির দুর্গত মানুষের জন্য ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই। রাজনীতিকদের মতে, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে টুইটার একটি অসাধারণ মাধ্যম এবং বহু রাজনীতিক টুইটারে নির্বাচনী প্রচারণা চালিয়ে সুফল পেয়েছেন। দ্য ইকোনমিস্ট অবলম্বনে