টুক করে টুম্বলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরবেলা জানালা খুলতেই একরাশ বিস্ময়। জানালার চৌকো ফ্রেমের ওপাশে ঠিক যেন কম্পিউটারের স্ক্রিন-সেভার। হাসিমুখে তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। সকালের প্রথম রবিরশ্মিতে চূড়াগুলো ঈষৎ কমলা, স্বচ্ছ কাচের মতো ঝকঝকে। কে বলবে, কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া? ওই তো হাত বাড়ালেই ছোঁয়া যাচ্ছে। এত কাছে! মনে হচ্ছে, দুটো পাহাড় পরেই যেন কাঞ্চনজঙ্ঘা।আমরা যাচ্ছিলাম সান্দাকফু। কিন্তু পাখির প্রজনন মৌসুম বলে ভারতের সব কটি সংরক্ষিত বন ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য নিষিদ্ধ থাকে। সান্দাকফুতেও এ কারণে ঢোকা বারণ। আমরা তাই আস্তানা গেড়েছি ১৭ কিলোমিটার আগেই, ‘টুম্বলিং’ বলে একটা জায়গায়। সান্দাকফু প্রায় ১২ হাজার ফুট উঁচু। সেখান থেকে উত্তরের দিকে তাকালে দিগন্তজুড়ে কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, মাকালু, এভারেস্ট, লৎসেসহ পৃথিবীর উঁচু পর্বতগুলো দেখা যায়, অবশ্যই আকাশ পরিষ্কার থাকার শর্তে। টুম্বলিংয়ের উচ্চতা ১০ হাজার ফুটের মতো। সেখান থেকেই একই দিগন্ত দেখা যাওয়া উচিত ছিল, কিন্তু মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে সান্দাকফু পাহাড়টা। তাতে ঢাকা পড়েছে পুরো অন্নপূর্ণা রেঞ্জটাই। সান্দাকফুর এক পাশে তাই আস্ত কাঞ্চনজঙ্ঘা, অন্য পাশে একটু একটু করে মাকালু, এভারেস্ট, লৎসে ও অন্য পর্বতমালা।এসব পর্বতচূড়া দেখতে চাইলে সান্দাকফু চলে যাওয়াই ভালো। তবে টুম্বলিং জায়গাটা এত সুন্দর যে সেখানে অবশ্যই একটা রাত কাটানো বাঞ্ছনীয়। সান্দাকফু বা টুম্বলিং থেকে এসব পাহাড়-পর্বত দেখার জন্য আদর্শ সময় হচ্ছে অক্টোবর-নভেম্বর মাস। আগস্টের মাঝামাঝি যখন ঘোর বর্ষাকাল, সেই সময় প্রায় দৈবক্রমে আকাশ হঠাৎ পরিষ্কার হয়ে যাওয়ায়, পুরো এক বেলা আমাদের টুম্বলিং থেকেই কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য পর্বত দেখার সৌভাগ্য হয়।কীভাবে যাবেন, কোথায় থাকবেনআমরা টুম্বলিংয়ের একটা লজে উঠেছিলাম। পাহাড়ের ঢালে ঘোর সবুজ-মায়াময় এই গ্রামের স্থায়ী জনসংখ্যা মাত্র ২৫। সান্দাকফু বা আশপাশের এলাকা ভারতের অংশ হলেও, টুম্বলিং পড়েছে নেপালের মধ্যে। দার্জিলিং শহর থেকে জিপে করে মানেভঞ্জন শহর, সেখান থেকে ৬০ বছরের পুরোনো ল্যান্ডরোভার রিজার্ভ করে পাথর বিছানো খাড়াই পথ পাড়ি দিয়ে টুম্বলিং কিংবা সান্দাকফু যেতে হয়। শীতকালে যখন খুব বরফ পড়ে, তখনই এই ল্যান্ডরোভারগুলোতে টায়ার খুলে চাকাগুলো চেইন দিয়ে ট্যাংকের মতো বেঁধে নেওয়া হয়। তারপর দিব্যি সেগুলো বরফ বিছানো আঁকাবাঁকা পর্বতসংকুল পথ ধরে চলাফেরা করতে পারে। সান্দাকফুর আশপাশে আরও কিছু লোকালয় আছে। তবে থাকার জন্য সান্দাকফু কিংবা টুম্বলিংই সেরা। টুম্বলিংয়ে তিনটি খুব ভালো লজ আছে। এর দুটো থেকে তো জানালা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় (আকাশ পরিষ্কার থাকার শর্ত স্মর্তব্য)। লজগুলোর খাওয়াও অতি চমৎকার।অনেক উঁচু বলে যাদের ফুসফুস দুর্বল, তাদের একটু একটু শ্বাসকষ্ট হতে পারে। আর মধ্য গ্রীষ্মের রাতেও কমপক্ষে চারটা লেপ গায়ে দিয়ে ঘুুমাতে হয়। যাওয়া-আসা, থাকা-খাওয়া—সবকিছুর মধ্যেই একটু কষ্টের ভাব আছে। কিন্তু একবার পৌঁছে গেলে, সেই কষ্টের কথা আর মনে থাকে না, ফিরেও আসতে ইচ্ছা করে না। চারজন বা ছয়জনের দল বানিয়ে যেতে পারলে, সব দিক থেকে সাশ্রয়ীও হয়।