
জানুয়ারি মাসে হাড়কাঁপানো শীতে ঢাকার আসাদগেট ফলবীথি হর্টিকালচার সেন্টারে গিয়েছিলাম মৌসুমি ফুলের ছবি তুলতে। বর্ণিল পুষ্পবীথির সঙ্গে দেশি-বিদেশি শাকসবজির সমারোহ দেখেও খুব ভালো লাগে। বাগানের এক কোণে দেখি বেশ যত্ন করে কিছু টমেটোর চারা বোনা হচ্ছে। ভেবেছিলাম, সাধারণ কোনো টমেটোর চারা হয়তো।
দাঁড়িয়ে থেকে কাজটির তদারকি করছিলেন সমন্বিত উদ্যান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ এস এম কামরুজ্জামান। তিনিই আমার ভুল ভাঙালেন। বললেন, এগুলো নতুন জাতের চেরি টমেটোর চারা। এই টমেটো দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও বেশ মজা। তিনি সঙ্গে সঙ্গে উদ্যান অফিস থেকে চেরি টমেটোর একটি প্রদর্শনীর ছবিও এনে দেখালেন। ছবি দেখে সত্যিই চেরি টমেটোর প্রেমে পড়লাম। মুগ্ধতা দেখে এই কৃষিবিদ আমাকে মার্চ মাসের দিকে চেরি টমেটোর প্রকৃত সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানান।

চলতি মার্চ মাসের মাঝামাঝি আবার গেলাম সেখানে। টমেটো যে এমন দর্শনীয় বিষয় হতে পারে, এখানে না এলে তা হয়তো অজানাই থেকে যেত। দুই পাশ থেকে আর্চের ওপর তুলে দেওয়া গাছগুলোয় লাল ও হলুদ রঙের গুচ্ছবদ্ধ টমেটো বাগানের সৌন্দর্যই যেন পাল্টে দিয়েছে। গাছভর্তি টমেটো দূর থেকে অনেকটা ফুলের মতো দেখতে। কাঁচা অবস্থায় মনে হবে সবুজ আঙুরের থোকা। কারণ, চেরি টমেটো আকৃতিতে বেশ ছোট। সারা বিশ্বে এরা গারডেনস ডিলাইট বা চেরি টমেটো নামেই বেশি পরিচিত। এদের হলুদ প্রজাতি স্বাদে সুমিষ্ট। তা ছাড়া এদের ফলনও দীর্ঘ সময় ধরে। ঘরে-বাইরে, টবে-বাগানে—সবখানে অতি সহজেই চাষযোগ্য। বর্ণবৈচিত্র্য, স্বাদ, ফলন-প্রাচুর্য ও চাষের পদ্ধতি সহজ হওয়ায় বিশ্বে এখন অনেক আবাদিত জাতের টমেটোর ভিড়ে চেরি টমেটোর চাহিদাই প্রচুর।
ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আসাদগেট সরকারি ফলবীথি হর্টিকালচার সেন্টার থেকে চারা সংগ্রহ করে খুব সহজেই চেরি টমেটো চাষ করা যেতে পারে। চারা রোপণ এবং পরিচর্যার ক্ষেত্রে বাড়তি কোনো যত্নের প্রয়োজন নেই। চারা লাগানোর সময় প্রাকৃতিক সার ব্যবহার করাই উত্তম। মাঠে চাষ করলে আগে বেড প্রস্তুত করে নিতে হবে। একইভাবে টবে চাষ করলে সার-মাটি মিশিয়ে টবগুলো প্রস্তুত করে নিতে হবে। অতিরিক্ত রোদ, ছায়া বা বৃষ্টি ক্ষতিকর। নিয়মিতভাবে পানি দেওয়া চাই। গাছ একটু বড় হলেই শক্ত খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে। তাহলে ফলন ভালো হবে। চারা রোপণের দুই মাসের মধ্যেই ফল ধরতে শুরু করে। সময়োপযোগী হওয়ায় আমাদের আবাদি জমিতেও খুব সহজে চেরি টমেটোর চাষ করা সম্ভব।