টুকরিতে স্বপ্ন বোনেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া পৌর এলাকার মধ্যম নোয়াগাঁও গ্রামের প্রতিটি বাড়ির উঠানই যেন টুকরির কারখানা। বাড়ির নারীরা প্রতিদিন সকাল-সন্ধ্যা ব্যস্ত থাকেন টুকরি তৈরিতে। ছবিটি সম্প্রতি তোলা l সৌরভ দাশ
রাঙ্গুনিয়া পৌর এলাকার মধ্যম নোয়াগাঁও গ্রামের প্রতিটি বাড়ির উঠানই যেন টুকরির কারখানা। বাড়ির নারীরা প্রতিদিন সকাল-সন্ধ্যা ব্যস্ত থাকেন টুকরি তৈরিতে। ছবিটি সম্প্রতি তোলা l সৌরভ দাশ

বড় উঠান। মাঝখানে গোল করে বসা জনা সাতেক নারী। কেউ বড় বাঁশ কেটে ছোট করছেন। কেউ ব্যস্ত কঞ্চি ছাঁটায়। বাকিরা বুনে যাচ্ছেন টুকরি। দক্ষ হাতে দ্রুতগতিতে চলছে কাজ। আর ঘরের বারান্দায় জমা হচ্ছে একের পর এক টুকরি। এ চিত্র রাঙ্গুনিয়ার মধ্যম নোয়াগাঁও গ্রামের। এখানে প্রতিটি বাড়ির উঠানেই এই ব্যস্ততা নিত্যদিনের।
রাঙ্গুনিয়ার মধ্যম নোয়াগাঁও গ্রাম টুকরির জন্য খ্যাত। বংশপরম্পরায় এখানকার নারীরা টুকরি বানানো কাজে নিয়োজিত। বাড়ির পুরুষেরা অন্য কাজে ব্যস্ত থাকলেও ঘর সামলানোর পাশাপাশি টুকরি বানিয়ে বাড়তি আয় করেন নারীরা। তাঁদের তৈরি টুকরি যাচ্ছে চট্টগ্রাম নগরের চাক্তাই, ঢাকার কামরাঙ্গীরচর, কিশোরগঞ্জের ভৈরব ও টাঙ্গাইলের পাইকারদের কাছে। সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে। মূলত সেমাই ও সাবান কারখানায় ব্যবহৃত হয় এই টুকরি।
সম্প্রতি রাঙ্গুনিয়া সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের নোয়াগাঁও গ্রামে গেলে চোখে পড়ে নারী কারিগরদের ব্যস্ততা। প্রায় ১৫০ পরিবারের গ্রামটিতে সবার উঠানই টুকরির ছোটখাটো কারখানা। কাজের ফাঁকে কথা হয় টুকরির কারিগরদের সঙ্গে। তাঁদের একজন ফাতেমা বেগম (৪৫)। ফাতেমার স্বামী তাঁকে ছেড়ে যাওয়ার পর টুকরিই টেনেটুনে সচল রেখেছে সংসার। ফাতেমা জানান, টুকরির আয় দিয়ে তিন মেয়ে ও এক ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। সচ্ছল না হলেও ফাতেমার ভাষায় ‘পেটেভাতে’ দিন চলে যাচ্ছে। ফাতেমা বলেন, ‘ছেলেমেয়েরা স্কুল থেকে এসে টুকরি তৈরির কাজে হাত লাগায়। সবাই মিলে দিনে পাঁচ থেকে ছয়টি টুকরি বানাতে পারি। আশা আছে, এই টুকরি বিক্রি করেই তাদের মানুষ করব।’

নারীদের হাতে তৈরি টুকরি চলে আসে পাশের ভবানী গেট এলাকায়, সেখান থেকে যায় পাইকারদের কাছে l প্রথম আলো
নারীদের হাতে তৈরি টুকরি চলে আসে পাশের ভবানী গেট এলাকায়, সেখান থেকে যায় পাইকারদের কাছে l প্রথম আলো

পাশের ঘরের কুলসুম বেগমেরও (৩০) বাড়তি আয়ের উৎস টুকরি বানানো। স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। ছেলেমেয়ে তিনজনই লেখাপড়া করে। কুলসুম বলেন, ‘ঘরে বসে থাকলে তো কেউ এক টাকাও দেবে না। টুকরি বানিয়ে টাকা আয় করি। তাতে সংসার ভালো চলে। কিছু টাকা জমাতে পারি, যা ভবিষ্যতে কাজে লাগবে।’
অবশ্য কুলসুমের পাশের উঠানে পঞ্চাশোর্ধ্ব শামসুন নাহার বেগমের কথায় ঝরে পড়ে আক্ষেপ। তিনি বলেন, ‘আগে ২০ টাকায় একটি বাঁশ পাওয়া যেত। এখন তা দাঁড়িয়েছে ১০০ টাকায়। অথচ টুকরির দাম বাড়েনি। আমরা প্রতি জোড়া টুকরির দাম পাই ৪০ টাকা। একটি বাঁশ থেকে তিন থেকে চার জোড়া টুকরি হয়। দিনে একজনের পক্ষে তিন জোড়া টুকরি বানানো সম্ভব। পরিশ্রমসহ হিসাব করলে খুব একটা লাভ থাকে না। আড়তদার প্রতি জোড়া বিক্রি করেন ৮০ টাকার বেশি। তা ছাড়া আগে পাইকাররা আমাদের ঘরে চলে আসত। এখন তাদের আসা কমে গেছে। ফলে আমাদের আড়তদারের কাছেই বিক্রি করতে হচ্ছে।’
কারিগরেরা জানান, প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার টুকরি পাইকারদের কাছে সরবরাহ দেওয়া হয়। এই দুদিন রাঙ্গুনিয়ার ভবানী গেট থেকে ট্রাকে বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে চলে যায় টুকরি। একবারে ১০ হাজার হিসাবে দুই দিনে এখান থেকে টুকরি যায় প্রায় ২০ হাজার। তবে রমজান মাসে এই সংখ্যা দুই থেকে তিন হাজার বেড়ে যায়। তখন অনেকটা নির্ঘুম হয়ে রাত কাটে। নোয়াগাঁওয়ের পাশাপাশি পৌরসভার ফকিরখীল, পোমরার বালুচর, লোহার পুল, পদুয়ার রাজাহাট ও পশ্চিম সরফভাটায়ও টুকরি তৈরি হয়। সেখান থেকেও টুকরি প্রথমে আসে ভবানী গেটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কারিগর জানান, তাঁদের পরিশ্রম দাদনের ফাঁদে শেষ হয়ে যাচ্ছে। অভাবের কারণে আড়তদারের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এরপর কম দামে তাঁর কাছেই বিক্রি করতে হচ্ছে কষ্টে বানানো পণ্য। অবশ্য এখন কয়েকটি বেসরকারি সংস্থা ক্ষুদ্রঋণ দিচ্ছে। তাও খুব সীমিত আকারে। সরকারিভাবে সুদমুক্ত ঋণ দেওয়ার জন্য দাবি জানান কারিগরেরা।
কথা হয় ভবানী গেটের টুকরির আড়তদার জহির আহম্মদের সঙ্গে। দাদনের ব্যাপারে জানতে চাইলে বলেন, ‘আমি তাঁদের বাঁচিয়ে রেখেছি। যখন টাকা লাগে দিচ্ছি। পরে টুকরি বানিয়ে শোধ করে। কোনো সুদ নেওয়া হয় না।’ তিনি দাবি করেন, প্লাস্টিকসামগ্রীর কারণে টুকরির বাজার দিন দিন খারাপ হচ্ছে। আগে সপ্তাহে তিনবারও টুকরি সরবরাহ দেওয়া হতো। এখন মাসে পাঁচ-ছয় বার দিতে হিমশিম খেতে হয়।