
‘যা বলবেন সব করতে পারব কিন্তু বই পড়তে পারব না।’ আমার এক বন্ধু এমন মন্তব্য করল। তার নামটা বলছি না।
লজ্জা পেতে পারে। কথা শুনে আমি নিজেই লজ্জা পাচ্ছি। আমার কোনো ভাষা নেই। বললাম,‘তোমার কিছুই করতে হবে না, শুধু বই পড়ো।’
বন্ধু মন খারাপ করে চলে গেল। পুরো পরিস্থিতি যে এমন তা নয়, এর উল্টো চিত্রও আছে। তারা অনেক বই পড়ে, অনেক বই কেনে।
আমরা ঘোষণা দিয়েছিলাম, প্রতিটি বন্ধুসভা একুশ উপলক্ষে একটি করে দেয়াল পত্রিকা বের করবে। অনেক বন্ধুসভা আমাদের কাছে দেয়াল পত্রিকার ছবি পাঠিয়েছে। তাদের অভিনন্দন জানাই। অনেক বন্ধুসভা প্রভাতফেরি করেছে, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।
স্থানাভাবে সবার ছবি ও সংবাদ ছাপা সম্ভব হবে না। বন্ধুদের অনুষ্ঠানের ছবি ফেসবুক পেজে দিতে বলি।
আসছে স্বাধীনতার মাস। প্রতিটি বন্ধুসভা যেন মুক্তিযুদ্ধ বিষয়ে যেকোনো একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেটি হতে পারে, মুক্তিযুদ্ধ নিয়ে পাঠচক্র, মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর ইত্যাদি।
আমাদের চোখে পড়ছে নওগাঁ ও ভৈরব বন্ধুসভার কাজ। তারা একের পর এক নানা কর্মসূচি পালন করেই যাচ্ছে।
আশা করি, অন্য বন্ধুসভাগুলোও আরও সক্রিয় হয়ে উঠবে।
ইমেইল: [email protected]