টুকরো খবর
মুক্তিযুদ্ধের দিনগুলি
২৫ মার্চ চামলীবাগের বাসায় পাঁচ বছরের শিশুটির মধ্যরাতে ঘুম ভাঙে আগুনের লেলিহান শিখা দেখে। সেই শিশুটিই ছিল বুদ্ধিজীবী সাংবাদিক শহীদ সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর। তিনি ১৪ ডিসেম্বর বন্ধুসভার বন্ধুদের কাছে মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সে সময় পাকিস্তানিরা পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল। তারা মানুষ চায়নি, চেয়েছিল এই দেশের মাটি।’
শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়: শীতে একটু উষ্ণতার পরশ দিতে মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে সংগৃহীত শীতের কাপড়গুলো ঢাবি ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় প্রায় ২০টি ছিন্নমূল পরিবারের শতাধিক শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়।
নওগাঁ: নওগাঁর বদলগাছিতে প্রথম আলো বন্ধুসভা নওগাঁ ও নওগাঁর ছাত্রসংগঠন আলোর সন্ধানের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক দুস্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।