টুকরো প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দাদা কি মাথায় উইগ পরেন নাকি? মানে পরচুলা! বলেই হি হি করে হাসল রেণু। রেণু আমার কলিগ। আমরা একই সঙ্গে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর কোর্স করছি।
রেণুর কথা শুনে আমার মাথা ঝিমঝিম করে। রাগে সারা শরীর কাঁপে। রাগলে আমি তোতলাতে থাকি। রেণুর দিকে কটমট করে তাকিয়ে বলি, কী বলছেন এসব? কেন, আমার মাথায় চুল নেই? আমি মাথাটা সামনের দিকে বাড়িয়ে ওকে শিশুর মতো দেখাতে থাকি। রেণু তোলপাড় করে হাসে।
রেণু বলে, কী হলো, খেপে গেলেন? তাড়াতাড়ি চলেন, বাবা বসে আছেন আপনার জন্য! আমি আপনার কথা বলেছি।
শুনে আমার মন ভালো হয়ে যায়। রেণুর খুনসুটি আর গায়ে লাগে না। খানিকটা বোকা বোকা ঢঙে বলি, আপনার বাবা আবার কী বলবেন? রেণু মুখটা বাঁকিয়ে হাসি হাসি ভঙ্গিতে বলে, চলেন না আগে। আমি নিজেও জানি না উনি কী বলবেন।
আমার মন কেমন করে। লাল কৃষ্ণচূড়া ফুল ফুটেছে গাছে। রিকশা থামিয়ে একটা কৃষ্ণচূড়া ওর খোঁপায় গুঁজে দিতে ইচ্ছা করে।
আমি উত্তেজনায় ছটফট করতে থাকি।
রিকশাওয়ালাকে থামতে বলে ঝুপ করে নেমে পড়ে রেণু। আমার দিকে তাকিয়ে তাড়া দেয়, কই আসেন।
আমি ধীর পায়ে নামি।
রেণু আমার পাশে পাশে হাঁটে। মিষ্টি করে হাসে। আমি মাথা ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে বলি, তোমার সঙ্গে কিন্তু অনেক কথা আছে আমার। রেণু শুনল কি শুনল না, ঘাড় ঘুরিয়ে বলে, আচ্ছা হবে। আমি একরকম নির্ভার হয়ে ওদের ড্রয়িংরুমে বসি।
রেণুর বাবা এলেন মিনিট পাঁচেক পরে। মোটাসোটা। মুখে হাসি। ও তুমি তাহলে হাসান? সরি, তুমি করে বললাম!
আমি বিনয়ের সঙ্গে বলি, হ্যাঁ চাচা। অসুবিধা নেই। ভদ্রলোক হাসছেন। অনবরত হাসছেন। আমি ঘাবড়ে যাই। ভদ্রলোক বললেন, এখনো বিয়ে করোনি কেন?
আমি তখন রেণুর কথা ভাবি। রেণু আমাকে এত পছন্দ করে, কখনো তো বলেনি! আজ এত সহজে রেণুর বাবা এই কাঙ্ক্ষিত প্রস্তাবটা আমাকে দিতে যাচ্ছেন। আমি গর্বিত ভঙ্গিতে রেণুর বাবার সামনে বসে থাকি। কিন্তু ফোনের আলাপচারিতায় রেণুর বাবা দাঁড়িয়ে গেছেন, কী বলো, সাত কেজির মাছ? কেজি কত চায়? রাখো, আমি এখনই আসছি। রেণুর বাবা হাত তুলে বেরিয়ে গেলেন।
আমি খানিকটা অসহায় হয়ে তাকিয়ে থাকি। রেণু আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। ওর হাতে আজকের ক্লাসের ডায়েরি। ও হেসে বলল, হাসান ভাই। বাবা এ রকমই। কালকে সকালে মনে হয় আপনাকে আবার আসতে হবে। আমি বললাম কোনো অসুবিধা নেই। কাল আসব আবার। যাওয়ার সময় রেণু ডায়েরিটা ধরিয়ে দিয়ে বলল, দেখবেন তো, আজ ক্লাসে কোনো কিছু মিস করে গেলাম নাকি? আমি হেসে ডায়েরিটা নিয়ে বেরিয়ে গেলাম।
সারা রাত আমার ঘুম হয় না। রেণুর দেওয়া ডায়েরিটা স্পর্শ করি। মনে হয়, এটাতে রেণুর স্পর্শ লেগে আছে। সকালেই রেণুর বাবার ফোন। হাসান সরি, কাল ওভাবে চলে যাওয়া আমার একদম ঠিক হয়নি। তুমি কি অফিসে যাওয়ার আগে আমার সঙ্গে এখন একবার দেখা করতে পারো? জরুরি।
আমি উত্তেজিত। চাচা, আমি আসছি। এক্ষুনি আসছি।
রেণুর বাবা আমার অপেক্ষায় বসে ছিলেন। আমি সালাম দিয়ে তাঁর সামনে এসে বসি। এদিক-ওদিক তাকিয়ে রেণুকে খুঁজি। রেণুর বাবা খুব বিনীতভাবে বললেন, বাবা, একটা কথা বলতে চাই। আমি মহা উৎসাহ নিয়ে বলি, বলেন চাচা।
রেণুর বাবা বলেন, তোমাদের অফিসে লিটন নামে কাউকে চেনো? আমার গলা শুকিয়ে কাঠ। মিনমিন করে বলি, জি চিনি।
রেণুর বাবা সাবলীলভাবে বলতে থাকেন, ওই ছেলেটাকে রেণুর খুব পছন্দ। তুমি একটু ছেলেটার খোঁজ দিতে পারবে? মানে রেপুটেশন চেক করতে হবে আরকি।
আমি মাথা নাড়ি। মাথাটা আবার ঝিমঝিম করছে। অপমানে সারা শরীর কাঁপছে। এ সময়ও আমি তোতলাতে থাকি। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলি, পারব চাচা। পারব।