টুকরো ফুটবল
ধরণি দ্বিধা হওগোলের পর গোলদাতা উল্লাসে ফেটে পড়বে, সতীর্থরা এসে আলিঙ্গনে বাঁধবে, আর সেই উৎসবে গ্যালারি থেকেই যোগ দেবে সমর্থকেরা—এটাই তো স্বাভাবিক দৃশ্য। কিন্তু ভেবে দেখুন, গোলের পর পুরো গ্যালারি হাসছে, আর গোলদাতা বিব্রত, লাজ-রাঙা মুখে দাঁড়িয়ে আছেন। এমনটাই হয়েছিল ১৯৩৮ বিশ্বকাপের সেমিফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা থেকে মাত্র দুই ধাপ দূরে ইতালি। প্রতিপক্ষ ব্রাজিল। ৬০ মিনিটে পেনাল্টি পেয়ে গেল ইতালি। শট নিতে এগিয়ে এলেন অধিনায়ক পেপিনো মিয়াজ্জা। শট নিলেন, গোল হলো এবং প্রায় একই সঙ্গে খুলে পড়ে গেল তাঁর প্যান্ট! হয়েছে কি, খেলা চলার সময়ই মিয়াজ্জার শর্টসটা ছিঁড়ে গিয়েছিল। পেনাল্টি কিকের সময় জোরালো শট নিতে গিয়ে শর্টসের দফারফা। গোল উদ্যাপন আর সতীর্থের সম্ভ্রম রক্ষা—দুটোই একসঙ্গে করতে হয়েছিল ইতালির খেলোয়াড়দের। গোল হয়ে দাঁড়িয়ে তাঁরা ঘিরে রেখেছিলেন মিয়াজ্জাকে, ওই আড়ালেই নতুন শর্টস পরে নিয়েছেন মিয়াজ্জা।লাইট, ক্যামেরা, অ্যাকশন১৯৩৪ বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে। কিন্তু পরদিন আবারও বল নিয়ে মাঠে হাজির হতে হলো ইতালির রাইমন্দো ওরসিকে। আগের দিন দুর্দান্ত শটে গোল করেছিলেন। বারবার চেষ্টা করে যেতে লাগলেন সেই একই রকম আরেকটি শট নেওয়ার। কিন্তু ম্যাচ চলার সময় সহজাতভাবে যে শট তৈরি হয়, সেটি কি আর অভিনয় করে বানিয়ে বানিয়ে করা সম্ভব! একবার না পারিলে দেখ বিশবার। হ্যাঁ, ঠিক বিশতম প্রচেষ্টায় ওই শটটির কাছাকাছি আরেকটি শট নিতে পারলেন ওরসি। ভাবছেন ফাইনালের পরদিন উদ্যাপন-উৎসবে যোগ না দিয়ে এত হাঙ্গামা কেন? আসলে আগের দিন ফাইনালে ওরসির শটটা ঠিকমতো ক্যামেরাবন্দী করতে পারেননি আলোকচিত্রীরা। কিন্তু ওই ছবি তো তাঁদের চাই-ই চাই। আর তাই তাঁদের অনুরোধে ওরসিকে অভিনয় করতে হয়েছিল আরও একবার। একটু রাগও হচ্ছিল তাঁর, কী দরকারটা ছিল ক্যামেরা নামের আজব এই বস্তু আবিষ্কার করার!‘জেতো, নয় মরো!’বাংলায় তো আর বলেননি, ইংরেজিতে ‘উইন অর ডাই’ও বলার প্রশ্ন আসে না; ইতালির সে সময়ের স্বৈরশাসক বেনিতো মুসোলিনি আসলে বলেছিলেন ‘ভিনসেরে ও মরিরে’। ইতালির সঙ্গে বাংলার কী মিল! ‘মরিরে’ মানে যে ‘মরিবে’, এ তো না বলে দিলেও চলছে। ১৯৩৮ বিশ্বকাপের আগে রোম থেকে এমনই সংক্ষিপ্ত কিন্তু বিরাট হুমকি বয়ে নিয়ে একটি তারবার্তা পৌঁছেছিল প্যারিসে। হিটলারের আশীর্বাদধন্য মুসোলিনির এমন ‘প্রেরণাদায়ী’ বার্তা পেয়েই কিনা সেবার ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল ইতালি, প্রথম দল হিসেবে জিতেছিল টানা দ্বিতীয় শিরোপা। ওই ম্যাচের পর হাঙ্গেরির গোলরক্ষক আনতল জাবো নাকি বলেছিলেন, ‘আমি হয়তো চারটি গোল খেয়েছি, কিন্তু বিনিময়ে বাঁচিয়ে দিয়েছি অনেক প্রাণ।’নাঙা পায়েবিশ্বকাপে থিকথিকে কাদাযুক্ত মাঠ, এটা এখন কল্পনাই করা যায় না। তবে আগে তো এমন রাজার হাল ছিল না। বৃষ্টির কারণে প্রায়ই বেহাল দশা হতো মাঠের। এমনই প্যাচপ্যাচে কাদাযুক্ত মাঠে খেলা হয়ছিল ১৯৩৮ সালের বিশ্বকাপে ব্রাজিল-পোল্যান্ড ম্যাচটি। মাঠে নামার আগে ব্রাজিলের স্ট্রাইকার লিওনিদাসের চোখ চকচক করে উঠেছিল কাদা দেখে। এমন কাদাযুক্ত মাঠে খালি পায়ে ফুটবল খেলেই তো বেড়ে উঠেছেন। তাই খুলে ফেলেছিলেন বুট জোড়া। কিন্তু বাদ সাধলেন রেফারি। নিয়ম নেই! কী আর করা, মন খারাপ করেই বুট পরে মাঠে নামলেন লিওনিদাস। করলেন তিন গোল। খালি পায়ে খেলতে না দেওয়া লিওনিদাসকে না জানি আরও কয় গন্ডা গোল থেকে বঞ্চিত করলেন রেফারি আইভান একলিন্ড। এই ‘খালি পায়ে খেলার নিয়ম না থাকা’র কারণে আজ ফিফাও হাপিত্যেশ করছে। ১৯৫০ বিশ্বকাপে খালি পায়ে খেলার অনুমতি দেয়নি বলে ভারত ওই বিশ্বকাপেই খেলেনি। কে জানে, সেখানেই ভারতের ফুটবল সম্ভাবনার মৃত্যু কিনা! ক্রিকেট-উন্মাদ সোয়া শ কোটি মানুষের বিশাল বাজারে ঢুকতে একের পর এক চেষ্টা করে যে ব্যর্থ হচ্ছে ফিফা!