টুকরো সুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সকালে অফিসে যাওয়ার পথের কথা মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। রিকশা বা বাস—যেটাতেই চেপে বসি, অফিসের কাছাকাছি গিয়ে বেশ খানিকটা পথ হাঁটতেই হয়; সঙ্গে তো রাস্তা পারাপারের ঝক্কি আছেই। কোনো এক অজানা কারণে যেদিন একটু দেরি হয়ে যেত, জেব্রাক্রসিংয়ের লাল বাতিটাও কেন যেন সবুজ হতে চাইত না।সেদিনও রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। লাল বাতিটা অনেকক্ষণ ধরে জ্বলে ছিল। আমিও অন্যদের মতো বিরক্তি নিয়ে দাঁড়িয়ে ছিলাম। পাশেই খেয়াল করলাম, একটা ছোট্ট মেয়ে—মায়ের হাতটি ধরা—অপেক্ষায় আছে আমারই মতো; ওপারে যাওয়ার অপেক্ষা। দেখেই বোঝা যায়, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ। মা হয়তো কারও বাসায় কাজ করেন। মেয়েটির গায়ে জীর্ণ একটি ফ্রক। তবে লালচে উষ্কখুষ্ক চুলে যত্ন করে তেল দেওয়ার ছাপ স্পষ্ট। হয়তো আজই দিয়েছে। মা হাত দিয়ে দু-একটা এলোমেলো চুল ঠিক করে দিচ্ছেন আর কী যেন বোঝাচ্ছেন মেয়েকে। মেয়েটির মুখে ঝিলিক দিচ্ছে আনন্দ। একটু খেয়াল করে বুঝলাম, আজ সে যাচ্ছে স্কুলে। মা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন কী করতে হবে।‘যেই ছড়াগুলা শিখছিলা, সেইগুলা সুন্দর কইরা বলবা।’ মেয়ে মাথা নাড়ে। বুঝিয়ে দেয়, সে পারবে। মা আবার বলেন, ‘“আমার সোনার বাংলা” গানটা শিখাইছে না, ওইডাও সুন্দর কইরা গাইয়ো।’ মেয়ে আবার সায় দেয়। মা বলেন, ‘এগুলা সুন্দর কইরা কইতে পারলে তোমারে আজকা চকলেট আর বিস্কুট দিব। সবাই হাততালি দিব।’ আমি অবাক হয়ে দেখি মেয়ের চোখে-মুখের আনন্দ। ছোট্ট মেয়েটি ওপারে যাবে অনেক আশা নিয়ে। সে স্কুলে যাচ্ছে। এপারের অপেক্ষা তার জন্য বিরক্তিকর নয়, অস্থিরতার। তার ছোট্ট জীবনের অনেক না-পাওয়ার মধ্যে স্কুলের হাততালি পাওয়াটা হয়তো অনেক বড় ব্যাপার। অল্প একটু পথ হেঁটে আসার কষ্ট আমার কাছে কত বড়; আর অনেক কষ্টের মধ্যে একটি চকলেট, বিস্কুট ও হাততালির আনন্দ ওদের কাছে কত বড়!শাহাজেবিন আহমদরায়েরবাজার, ঢাকা