টুকিটাকি
নাম তার শর্মিলা আকতার। বয়স ৯-১০-এর কোটায়। পেশা ভিক্ষে করা। মা-বাবা মারা গেছে অনেক দিন আগে। মা-বাবার ভালোবাসাবঞ্চিত শর্মিলার বাম পা-টি একসময় ট্রেনে কাটা পড়ে। তাই স্ক্রেচ নিয়ে চলাফেরা করে সে। কিন্তু প্রথম আলোর অনুষ্ঠানে এসে সে দেখাল অবাক করা কাণ্ড। শিল্পীদের গানের তালে তালে সে বন্ধুসভার বন্ধু এবং আলোকিত চট্টগ্রামের প্রদায়কদের সঙ্গে হেলেদুলে নাচা শুরু করে। এতে সে-ই হয়ে যায় ওই নাচের দলের মধ্যমণি। বেশ শুদ্ধ উচ্চারণে বাংলায় সে বলল, ‘আপনাদের সঙ্গে নাচতে খুব ভালো লাগছে। আমি স্ক্রেচ ছাড়াও নাচতে পারি।’ এরপর শর্মিলার সঙ্গে একাত্ম হয়ে আরও জমিয়ে নাচ শুরু করেন বন্ধুসভার সদস্য পুলক দেব দাশ, আবরার, মোহাম্মদ সুফিয়ান, জহিরউদ্দীন রাজ, তোফাজ্জল হোসাইন, রনি চক্রবর্তী, শাহ আলম, আবদুল হান্নান, আতাউর রহমান প্রমুখ। সঙ্গে যোগ দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসের শিক্ষার্থী সারাহ মরিয়ম, রুবানা মুসারাত, ভিয়েতনামের টিন টি বাউ তো, ওয়ানহ নায়োক লো, আন ডো কিন নায়ান, থাও লি, কোয়ান ডেম এবং টেম নাগোয়ান। গানের কথা বুঝতে না পারলেও ভিয়েতনামের ওয়ানহ নায়োক লো বলেন, ‘বাংলার সংস্কৃতি ও মানুষ সম্পর্কে জানার ইচ্ছা ছিল। তা ছাড়া, যান্ত্রিক জীবন থেকে একটু আনন্দ খুঁজে পেতে আজকের এ অনুষ্ঠানে এসেছি। বেশ ভালোই উপভোগ করলাম।’টেম নাগোয়ানের মন্তব্য, ‘বাংলা গানের কথা বুঝতে না পারলেও সুর শুনে মনে হল বাংলা গান খুবই মধুর।’ প্রথম আলোর পক্ষেই সম্ভব মোহাম্মদ নুরুল ইসলাম প্রথম আলোর নিয়মিত পাঠক। সহজ পথে বাসায় পৌঁছার জন্য ডিসি হিলের সামনের রাস্তায় এসে দেখেন প্রথম আলোর কনসার্টের কারণে রাস্তা বন্ধ। এত দর্শক সমারোহ দেখে বিস্মিত কণ্ঠে নুরুল ইসলাম বলেন, ‘এতগুলো মানুষকে একসঙ্গে করা প্রথম আলোর পক্ষেই সম্ভব।’ শুভাশীষ নিউজ সম্পাদনা হক পার্থক্য এখানেই শুভাশীষ পালপ্রথম আলোর জন্মদিনের অনুষ্ঠানে সবার গানে ছিল দেশের জন্যে টান, শেকড়ের জন্যে টান। জনপ্রিয় গানের পাশাপাশি সবাই গেয়েছেন আঞ্চলিক গান। এসব গান শুনে জনতা ব্যাংকের কর্মকর্তা মাহবুব হোসাইন বললেন, ‘এক সময় আমরা ভুলে যেতে বসেছিলাম আমাদের শেকড়ের গান আঞ্চলিক গানকে, দেশীয় গানকে। সবাই মেতে উঠেছিলাম বিদেশি গানের সুরে। আজ দেখছি সবাই আঞ্চলিক গান গাইছেন, শেকড়ের গান গাইছেন। অন্য অনুষ্ঠানের চেয়ে প্রথম আলোর পার্থক্য এখানেই।’