টুকিটাকি

গুগলের প্রথম কর্মী
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় সার্চ জায়ান্ট গুগল। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা। বর্তমানে ৫২ হাজার ৬৯ জন কর্মী কাজ করছে এই প্রতিষ্ঠানটিতে। ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের এক গ্যারেজকে ঠিকানা করে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। গুগলের প্রথম কর্মীর নাম ক্রেগ সিলভারস্টেইন। ক্রেগ তখন ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক। তাঁকেই প্রথম কর্মী হিসেবে নিয়োগ দেয় ল্যারি-সের্গেই জুটি। তখন গুগলের মাত্র চারটি কম্পিউটার ছিল। ক্রেইগ গুগলে যোগদানের আগে ১৯৯৩ সালে মাইক্রোসফটেও কাজ করেছেন। ২০০৪ সালে ক্রেইগ গুগল থেকে বিদায় নেন।
সূত্র: বিজনেস ইনসাইডার
বেতন ১০ লাখ ডলার
পৃথিবীর অন্যতম ধনী মার্কিন নাগরিক ওয়ারেন বাফেট। তাঁর মোট সম্পদের মূল্য প্রায় সাড়ে ছয় হাজার কোটি ডলার। তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির চেয়ারম্যান ও সিইও। প্রতিষ্ঠানটি থেকে বছরে ১০ লাখ ডলার বেতন পান বাফেট।
সূত্র: ফর্বস
পেছনে তাকানো যাবে না
মা আমাকে সব সময় একটি কথাই বলতেন। কোনো আক্ষেপ নিয়ে কখনোই পেছন ফিরে তাকানোর দরকার নেই। সব সময় সামনের দিকেই এগোতে হবে। ব্যর্থতা নিয়েই সাধারণ মানুষ বেশি সময় নষ্ট করে। সেই সময় আর শক্তিটুকু তারা অন্য একটি কাজে দিতে পারত! এটা আমাকে সব সময় বিস্মিত করে। আমি অনেক আনন্দ নিয়ে ব্যবসা পরিচালনা করি। হোঁচট খাওয়া কখনোই খারাপ কিংবা মনে রাখার মতো অভিজ্ঞতা হতে পারে না, এটা শুধু শেখার একটি রেখচিত্র মাত্র।
রিচার্ড ব্র্যানসন: প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভার্জিন গ্রুপ।
সূত্র: বিজনেস ইনসাইডার
আকাশ থেকে সড়কে
জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউর শুরুটা ছিল আকাশ থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠানটি জার্মান সেনাবাহিনীর বিমানের ইঞ্জিন তৈরি করত। তাই তো তাদের লোগোর নীল আর সাদা রঙের মাধ্যমে বিমানের একটি প্রোপেলারের ছায়া পাওয়া যায়। বিএমডব্লিউ বা ব্যাভারিয়ান মোটর ওয়ার্কস ১৯১৬ সালে বিমানের আনুষঙ্গিক জিনিসপত্র তৈরির জন্য প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ সালে প্রতিষ্ঠানটি প্রথম মোটরসাইকেল উৎপাদন শুরু করে। ১৯২৮-২৯ সালে বিএমডব্লিউ গাড়ি তৈরি শুরু করে।
সূত্র: এমডব্লিউ গ্রুপ ডট কম
অনুবাদ: জাহিদ হোসাইন