টুকুনজিল-বকুলাপ্পু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহম্মদ জাফর ইকবাল স্যারের লেখা যাঁরা পড়েন, নাম দুটি হয়তো বা বেশ পরিচিতই লাগছে তাঁদের। নাহ্, আমার টুকুনজিল দূর কোনো গ্রহপুঞ্জ থেকে আসেনি, আর আমিও ১২ বছর বয়সী সেই বিখ্যাত বকুলাপ্পু নই। আমি জানি, টুকুনজিল আছে। কেউ বিশ্বাস করলেও আছে, না করলেও আছে। টুকুনজিল বইটার শেষ অংশের এ কথাগুলো আমার সত্তাকে নাড়িয়ে দিয়েছে। সেই থেকে ও আমার টুকুনজিল...আমার টুকুন...আর আমি? আমি নাকি বকুলাপ্পু, মায়াময়ী বকুল...। শুধু কি বকুল? আরও কত কী যে ডাকে ও, আমি তো কল্পনাও করিনি, কেউ আমাকে বলবে মেঘলা মেয়ে, বলবে ঘাসফুল, চাঁদের আলো কিংবা বৃষ্টির কণা...আমি বলি, তুমি আমার কলিজা (ডাক্তারি বিদ্যার কেয়ার করি না!)।এত ভালোবাসে আমাকে, তবু খুব একটা কল দেয় না, দেবেই বা কেন? আমাদের যে এসএমএস প্রেম...আর মোবাইলের স্ক্রিনে ওর কল দেখলেই বুঝি, এখনই বাজবে প্রিয় কোনো গান। ‘শপথ নিলাম, তোকেই রানি করব নিশ্চয়...’, আমি কল্পনায় রানি সেজে ওর কাছে ধরা দিই..., ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘কোথায় রাজা কোথায় রানি’, আমি এবার পুতুল হয়ে যাই...পুতুল কি কাঁদতে পারে? আমি পারি...আমি কাঁদি আর ভাবি, পুরো জীবনটাই নাকি অভিনয়, সেখানে এই দু-চার ফোঁটা নোনাজল না হয় অভিনয়েরই অংশমাত্র...।বাস্তবতা আর কল্পনার অদ্ভুত এক বেড়াজালে জড়িয়ে ফেলেছি আমি আমাকে। টুকুন, তুমিও কি তাই, ঠিক আমার মতো? নাকি এখনো অভিনয়েই মত্ত আছ? (না, ও আমাকে পটায়নি, কারও সঙ্গে বাজিও ধরিনি, শুধু ফাজলামির বশে, অভিনয়ের শখে স্বেচ্ছায় এই প্রেমদান!)।যেদিন হয়তো বা তুমি বলবে, অভিনয়ের গুল্লি মারি..., আমার হয়তো কিছুই বলার থাকবে না। যদি বলার সুযোগ দাও, তাহলে বলব, তোমাকে না পেলে হয়তো আমার কিছুই হবে না; শুধু জীবনটাই অপূর্ণ রয়ে যাবে। আর যদি বলার সুযোগ না দাও, তাহলে এখনই বলে দিলাম, তোমার জীবন থেকে আমি হারালেও আমার জীবন থেকে কখনো তুমি হারাবে না।—নাম প্রকাশে অনিচ্ছুক