টুথব্রাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে সুন্দরমতো দাঁত পরিষ্কার করে তবেই তো দিনের শুরু! তাই আমাদের সকালটা শুরু হয় টুথব্রাশ হাতে নিয়েই। রোজ দাঁত পরিষ্কারের এই বস্তুটি কিন্তু হালের কোনো পণ্য নয়। প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে দাঁত ব্রাশের বিষয়টি চলে আসছে!
সে সময় প্রাচীন মিসরীয়রা দাঁত পরিষ্কারের ধারণাটি প্রথম সামনে আনে। তবে ব্রাশ হিসেবে তখন ব্যবহার করা হতো হাতের অনামিকা অঙুল। ষাঁড়ের খুর, ডিমের খোল, পাথর প্রভৃতির ছাই দিয়ে তৈরি ‘টুথপাউডার’ আর হাতের অনামিকা অঙ্গুলি দিয়ে দাঁত পরিষ্কার করত প্রাচীন মিসরীয়রা।
টুথব্রাশের মতো পণ্যের ব্যবহার প্রথম দেখা যায় তিন থেকে সাড়ে তিন হাজার খ্রিষ্টপূর্বে ব্যাবিলনে। প্রাচীন ব্যাবিলন সভ্যতার অগ্রগতির সঙ্গে দাঁত পরিষ্কারের জন্য তারা ব্যবহার করতে শুরু করে একধরনের মাথা মোড়ানো ঔষধি গাছের ডাল। আরেক ধরনের টুথব্রাশের উৎপত্তি হয় ১২২৩ সালে চীনে। মূলত বৌদ্ধভিক্ষুরা সে সময় ঘোড়ার লেজ দিয়ে তৈরি একধরনের টুথব্রাশ ব্যবহার করত বলে জানা যায়।
তবে বর্তমানে আমরা যে টুথব্রাশ দেখি, তার উদ্ভব ঠিক কবে হয়, তা জানা না গেলেও ১৬৯০ সালে অ্যান্থনি উডের লেখা জীবনীতে তখনকার সমাজে টুথব্রাশের ব্যবহার ছিল বলে নিশ্চিত হওয়া যায়। মূলত তাঁর জীবনীতেই প্রথম ‘টুথব্রাশ’ শব্দটার ব্যবহার দেখা যায়।
অবশ্য আধুনিক টুথব্রাশ উদ্ভাবনের কৃতিত্ব দিতে হয় মার্কিন নাগরিক এইচ এন ওয়ার্ডসওয়ার্থকে। ১৮৫৭ সালে টুথব্রাশের পেটেন্ট লাভের পর ১৮৮৫ সাল নাগাদ তিনি বাণিজ্যিকভাবে টুথব্রাশ তৈরি ও বিক্রি শুরু করেন। দাঁত পরিষ্কারের এই ছোট সরঞ্জামটি এরপর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে।
হাফিংটন পোস্ট অবলম্বনে