টুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুনির সঙ্গে আমাদের পরিবারের সম্পর্কটা অনেক দিনের। আমি তখন এইচএসসি শেষ করে দাদুর বাড়ি বেড়াতে গেলাম। বাসায় ফিরে এসে দেখি, ৯-১০ বছরের বাচ্চা একটা মেয়ে অনবরত কেঁদেই চলেছে। আম্মুর কাছ থেকে জানতে পারলাম, সংসারের কাজে আম্মুকে সাহায্য করার জন্য ওকে আনা হয়েছে। প্রথম দু-তিন দিন খুব কাঁদল মেয়েটা। আস্তে আস্তে মেয়েটি এত শক্ত হয়ে উঠল যে ১৫টি বছর ও আমাদের সঙ্গে কাটিয়ে দিল। এই ১৫ বছরে মেয়েটি কিছুতেই বাড়ি যেতে চাইল না। আমাদের সবকিছুতেই ও মিশে ছিল। আমার স্যারের বাসা কিংবা বন্ধুর বাসা—সর্বত্র ছিল ওর উপস্থিতি। আমার ছোট বোনের বিয়ের পর ও চলে গেল। তত দিনে ও স্বপ্ন দেখতে শুরু করল নিজের একটা সংসারের। এর মধ্যে ছয় মাস এসে থাকল আমার মেয়ের জন্মের পর। এর কিছুদিন পর ওর বিয়ে হয়ে গেল। মাঝেমধ্যে ফোনে কথা হয়। একদিন জানতে পারলাম, ও খুব কষ্টে আছে। আমার স্বামীকে বুঝিয়ে ওদের বাড়ির দারোয়ান করে টুনির বরকে নিয়ে এলাম। কিন্তু ওর ভাগ্যে সুখ বেশি দিন সহ্য হলো না। আট মাসের মাথায় ওকে চলে যেতে হলো। টুনি চিরদিনের জন্য চলে গেল আমাকে কাঁদিয়ে।কানিজ ফাতেমাবনশ্রী, ঢাকা।