
রাস্তাঘাটে যেখানে-সেখানে ময়লা ফেলার বদভ্যাস আমাদের অনেকের আছে। হাঁটার সময়, চায়ের দোকানের পাশে অথবা রিকশা বা গাড়ি দিয়ে যাওয়ার সময় খাবারের প্যাকেট, পানির বোতল, কলার খোসা, চায়ের টিব্যাগসহ আরও অনেক কিছু রাস্তায় ফেলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক জরিপ মতে, প্রতিদিন রাস্তায় চলতে গিয়ে ডাস্টবিনের ব্যবহার ঢাকা শহরের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ময়লা কমিয়ে আনতে পারে। যদিও ঢাকা শহরের রাস্তাসহ পার্ক, উদ্যানগুলোতে প্রয়োজনের তুলনায় ডাস্টবিনের সংখ্যা একেবারেই অপ্রতুল। আর বাকি যা দেখা যায় তার ব্যবহারকারী নেই বললেই চলে।
ডাস্টবিন ব্যবহার না করার প্রধান কারণ হলো ইচ্ছার অভাব। ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মামুনুর রশিদ ডাস্টবিন ব্যবহার না করার কারণ হিসেবে জানান, ‘আমি তো একা ফেলছি না সবাই ফেলছে, আর এত নিয়ম কে মানে।’
ঢাকার টিএসসি এলাকায় হঠাৎ করেই দেখা গেল এক তরুণী তাঁর ব্যাগ থেকে পানির বোতল, বাদামের খোসা ডাস্টবিনে ফেলছেন। কারণ জানতে চাইলে তাঁর উত্তর, ‘বাসা থেকে বের হওয়ার পর এখানে ডাস্টবিন পেলাম, তাই রাস্তায় না ফেলে এখানেই ফেলছি।’ এর জন্য তাঁর অনেক বন্ধুও তাঁকে কটাক্ষ করে থাকেন।
আবার মানসিকতার সঙ্গে অসচেতনতা সৃষ্টির সম্পর্ক রয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকারের কাছে মানুষের অসচেতন হওয়ার পেছনে কী মানসিকতা কাজ করে জানতে চাইলে তিনি বলেন, ‘পারিবারিক বা বিদ্যালয়ের সঠিক শিক্ষার অভাবে এমনটা হয়। আবার ময়লা রাস্তায় ফেলা ও ডাস্টবিন ব্যবহার না করার যে পার্থক্য তা তাঁরা বুঝতেই পারছেন না।
কেউ কেউ স্বাধীনচেতা মনোভাবের কারণে নিয়ম না মেনেই রাস্তায় ময়লা ফেলছেন। আর অল্প বয়সে নিয়ম-নীতি না মানার একটা মানসিকতা কাজ করে।’ পাশাপাশি নিজের চিন্তাকে সঠিক প্রমাণ করার জন্যই সচেতন ব্যক্তিকে কটাক্ষ বা নিরুৎসাহিত করা হয় বলে মনে করেন
এই বিশেষজ্ঞ।
আজকাল অনেক এলাকাতেই কিছু ডাস্টবিন দেখা যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রকিব উদ্দিন বলেন, ‘ঢাকার প্রায় ২০টি জায়গায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে, যাতে আমরা ভালো সাড়া পাচ্ছি। তা ছাড়া তরুণদের সচেতন করতে বিভিন্ন সময় শোভাযাত্রা করছি, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করছি।’ সামান্য সচেতনতা থেকে যদি চারপাশের পরিবেশ ভালো থাকে, তাতে মন্দ কী।