টেকনাফ উপকূলে অবাধে ধরা হচ্ছে চিংড়িপোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের উপকূলীয় ৫৮ কিলোমিটার এলাকায় অবাধে চিংড়িপোনা ধরা হচ্ছে। প্রতিদিন শাহপরীর দ্বীপ-শামলাপুর অংশে বিভিন্ন বয়সের মানুষ মশারি জাল দিয়ে নির্বিচারে পোনা ধরছেন। এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে। অথচ চিংড়িপোনা ধরার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কেউ তা মানছেন না, এ ব্যাপারে প্রশাসনও নীরব। উপজেলা মৎস্য কর্মকর্তা অধীরচন্দ্র দাশ বলেন, ‘সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ও মৎস্য সংরক্ষণ অধ্যাদেশে উপকূলীয় এলাকায় চিংড়িরসহ সব ধরনের পোনা ধরা নিষিদ্ধ। আমরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে পোনা ধরার জাল আটক করে পুড়িয়ে ফেলি।’পোনা আহরণকারী খলিলুর রহমান (৯) ও আমেনা খাতুন (১১) বলেন, তাঁরা দৈনিক ৫০-৭০ টাকার বিনিময়ে পোনা ধরার কাজ করেন। এলাকাভিত্তিক বহদ্দাররা (মহাজন) এ কাজে শিশু-কিশোরদের ব্যবহার করে। পাশাপাশি পেটের দায়ে অনেকে এ কাজ করেন। শামলাপুরের পোনা আহরণকারী খায়রুল আমিন (৩০) ও বড় ডেইলের মোহাম্মদ উল্লাহ (৩২) বলেন, ‘সমুদ্রসৈকত থেকে প্রতিদিন লাখ লাখ টাকার চিংড়িপোনা ধরা হচ্ছে। সঙ্গে শতাধিক প্রজাতির পোনা ধরা পড়লেও তা বালুচরে ফেলে দেওয়া হয়। এভাবে পোনা ধরলে একদিন সাগর মাছশূন্য হয়ে পড়বে।’ নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানান, আড়তদারেরা পোনা আহরণকারী জেলেদের ন্যায্যমূল্য দেন না। কিছু সংঘবদ্ধচক্র আড়তদারদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাও আদায় করছে।জানা যায়, পোনা আহরণকারীরা আশ্বিন-কার্তিক মাসে আড়তদার ও হকারদের কাছ থেকে আগাম দাদন নেন।ফলে তাঁরা নির্দিষ্ট আড়তে পোনা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া আড়তদার ও হকাররা একজোট হয়ে পোনার মূল্য নির্ধারণ করায় আহরণকারীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবারক আকতার বলেন, ‘স্থানীয় বেশির ভাগ শিশু-কিশোর চিংড়িপোনা ধরার কাজে জড়িত। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে।’জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ গোলাম রব্বানি প্রথম আলোকে বলেন, উপকূলে আইন অমান্য করে পোনা ধরা হচ্ছে। অভিযানে গ্রেপ্তার এড়াতে শিশুদের ব্যবহার করা হচ্ছে। পোনা ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকযোগে প্রচার (মাইকিং) করা হবে এবং পরে অভিযান চালানো হবে।