টেকনাফ উপকূলে চিংড়ি পোনা ধরা চলছেই

কক্সবাজারের টেকনাফ উপকূলজুড়ে চিংড়ি পোনা ধরা বন্ধ হচ্ছে না। মশারি জাল বসিয়ে অবাধে পোনা আহরণ করায় ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির হাজারো রেণু। অথচ এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞা রয়েছে, তার পরও কেউ তা মানছে না।
সরেজমিনে দেখা গেছে, শাহপরীর দ্বীপ থেকে শাপলাপুর পর্যন্ত ৫৮ কিলোমিটার উপকূলে শতাধিক নারী-পুরুষ মশারি জাল বসিয়ে পোনা আহরণ করছেন। এসব জালে চিিংড়র পাশাপাশি অন্য মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ছে। আহরণকারীরা শুধু চিংড়ি পোনা নিয়ে বাকিগুলো ফেলে দিচ্ছেন।
শীলখালীর এলাকার পোনা আহরণকারী জামাল হোসেন (২৫) জানান, এ উপকূলে জোয়ারের সময় দুই থেকে তিন শ চিংড়ি পোনা ধরার জাল বসানো হয়। জালে ধরা পড়া বিক্রি হয় প্রতিটি পোনা ৪০ থেকে ৫০ পয়সায়। একই এলাকার খালেদা বেগম (৩৮) জানান, স্থানীয় পোনা ব্যবসায়ীর কাছ থেকে তিনিসহ এলাকার অনেক মানুষ দাদনে টাকা নিয়েছেন। সে টাকা পরিশোধ করতে দৈনিক ভিত্তিতে তাঁরা পোনা আহরণ করেন।
লেঙ্গুরবিল এলাকার নুরুল আমিন (৫০) বলেন, পোনা আহরণের জন্য অর্ধ শতাধিক মহাজন এলাকায় পঁুজি বিনিয়োগ করেন। আহরিত পোনা মহাজন ছাড়া অন্য কোথাও বিক্রি করা যায় না। পোনা আহরণকারীরা মহাজনের কাছে জিম্মি।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ‘সার্ভে অ্যান্ড অ্যাসেসমেন্ট অব শ্রিম্প ফ্রাই রিসোর্স অব বাংলাদেশ’ শিরোনামে একটি প্রকল্পের আওতায় কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা যায়, পোনা সংগ্রহকারীরা একটি পোনা ধরতে গিয়ে ধ্বংস করছে ৩৮ প্রজাতির চিংড়ি ছাড়াও ছয় প্রজাতির অন্য মাছ ও ১০০ প্রজাতির জলজ প্রাণী।
শাহপরীর দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি মো আয়ুব বলেন, সাধারণত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মা মাছ বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে উপকূলে এসে ডিম ছাড়ে। এরপর পোনাগুলো উপকূলের পাশে বড় হতে থাকে। এ অবস্থায় চিংড়ি পোনা আহরণকারীরা সেগুলো ধরার জন্য মশারি জাল বসায়।
জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, জনবল-সংকটের কারণে উপকূলে পোনা ধরা বন্ধ করা যাচ্ছে না। পোনা ধরা থেকে বিরত থাকার জন্য প্রতিটি উপজেলায় মাইকিং করা হচ্ছে। তার পরও তাঁরা মানছেন না। তাঁদের বিরুদ্ধে কিছুদিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।