টেকনাফ উপকূলে ঝাঁকে ঝাঁকে লইট্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপকূলীয় এলাকায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে লইট্যা মাছ। গত কয়েক দিনে বঙ্গোপসাগরে লইট্যা মাছ ধরা পড়ায় টেকনাফের বিভিন্ন ফিশারি ঘাটে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রতিদিন এখান থেকে মণে মণে লইট্যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া, শাহপরীর দ্বীপ, মিস্ত্রিপাড়া, ঘোলাপাড়া, দক্ষিণপাড়া; সাবরাংয়ে আছারবনিয়া, মুন্ডারডেইল, খানকারপাড়া, কচুবনিয়া, মহেশখালীয়াপাড়া, খুরেরমুখ, চৌধুরীপাড়া, কায়ুকখালীয়াপাড়া, নাইট্যংপাড়া, ডেইলপাড়া, খানকারডেইল, মাঠপাড়া, লেঙ্গুরবিল, লম্বরী, মিঠাপানিরছড়া, রাজারছড়া; বাহারছড়ার নোয়াখালী, জাহাজপুরা, মাথাভাঙা, বড় ডেইল, শামলাপুর, শীলখালী; হ্নীলার চৌধুরীপাড়া, কাস্টমসপাড়া, জাদিমুরা; হোয়াইক্যংয়ের কানজরপাড়া, উলুবনিয়াসহ উপকূলীয় এলাকার জেলে-পরিবারে এখন উৎসবের আমেজ।সরেজমিনে দেখা যায়, সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, সাবরাং, বাহারছড়া ও টেকনাফ উপকূলীয় এলাকার জেলেরা বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট, টেকনাফ কায়ুকখালী ঘাট, লেঙ্গরবিল ঘাট, জাহাজপুরা ঘাট ও শামলাপুর ঘাটে ইঞ্জিনচালিত নৌকা থেকে মাছ তুলে বরফ দিয়ে ঝুড়িতে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। লেঙ্গুরবিল ঘাটের জেলে আব্দুর হাকিম মাঝি বলেন, ‘এ মৌসুমে জালে লইট্যা মাছ ধরা পড়লে ভাপসা গরমের আভাস দিয়ে যায়। জালে ঝাঁকে ঝাঁকে লইট্যা মাছ ধরা পড়ায় আমরা মহাখুশি। দীর্ঘদিন মাছের আকাল চলছিল।’ শাহপরীর দ্বীপের মাছ ব্যবসায়ী মৌলভি মোহাম্মদ আয়ুব জানান, অনেক দিন পর উপকূলীয় এলাকার ফিশিং ট্রলারে লইট্যা মাছ ধরা পড়ছে। গত এক সপ্তাহে শাহপরীর দ্বীপ থেকে ৫০ টন লইট্যা মাছ ঢাকার যাত্রাবাড়ী ও কারওয়ান বাজারে চালান দেওয়া হয়। সেন্ট মার্টিন দ্বীপের ব্যবসায়ী আবুল ফয়েজ, আমির আহমদ ও শরীফ হোসেন জানান, তাঁদের মালিকানাধীন ফিশিং ট্রলারগুলোতে লইট্যা মাছ ধরা পড়লেও বরফ সরবরাহ না থাকায় অধিকাংশ মাছ শুকানোর ব্যবস্থা করা হয়েছে। টেকনাফের গোদার বিলের শফিক আহমদের মালিকানাধীন ফিশিং ট্রলারের এক টন লইট্যা ধরা পড়ায় ট্রলারে জায়গা না হওয়ায় জাল কেটে দিতে হয়েছে বলে মাঝি কালু মিয়া জানান। তিনি বলেন, কেটে দেওয়া জালে প্রায় ১০-১৫ মণ মাছ থাকতে পারে। বাহারছড়া মাছ ব্যবসায়ী হামিদুর রহমান ও সাইফুল্লাহ কোম্পানি জানান, গত দুই সপ্তাহে আগে প্রতি কেজি লইট্যা মাছ বিক্রয় করা হয়েছিল ১২০-১৫০ টাকায়। বর্তমানে সে মাছ উপকূলীয় এলাকার সৈকত ঘাটগুলোতে বিক্রয় হচ্ছে প্রতি কেজি ১৫-২০ টাকা। সেন্ট মার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘হঠাৎ করে সাগরে প্রচুর লইট্যা মাছ ধরা পড়ায় এ দ্বীপের জেলে-পরিবারগুলোর পাশাপাশি সাধারণ লোকজন কম দামে মাছ কিনে খেতে পারছে। প্রতিদিন মণ মণ লইট্যাভর্তি ফিশিং ট্রলার নিয়ে জেলেরা ঘাটে ফিরছেন।’ এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, ‘চলতি বছর কয়েকবার সাগর উপকূলে লাল কোরাল, ইলিশ, আইড়, পোপা, লইট্যা মাছসহ বিভিন্ন প্রকারের মাছ জেলেদের জালে ধরা পড়েছে। মৎস্য আড়তগুলোতে গত এক সপ্তাহে প্রচুর পরিমাণে লইট্যা মাছ এসেছে।’