টেকনাফ উপজেলা হাসপাতালে শয্যা চিকিৎসক ও সরঞ্জামের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে প্রায় চার বছর আগে। কিন্তু এখনো হাসপাতালের কার্যক্রম চলছে ৩১ শয্যার লোকবল দিয়ে। শয্যা সংকটের কারণে বর্তমান তীব্র শীতেও প্রতিদিন অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে উপযুক্ত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এ হাসপাতালে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রায় তিন লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য হাসপাতালের ওপর নির্ভরশীল। কিন্তু নানা কারণে তাঁরা এখানে এসে যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না।সূত্র জানায়, ২০০৮ সালের এপ্রিল মাসে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের রাজস্ব খাতের ২১টি পদ সৃষ্টি করে। কিন্তু এসব পদে এখনো কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালে মেডিসিন, গাইনি, চক্ষু, সার্জারি, নাক-কান-গলা, প্যাথলজি, রেডিওলজি ও অ্যানেসথেসিয়া বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক এবং আবাসিক চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। সেবিকার ১৬টি পদের মধ্যে আছে মাত্র ছয়জন। এ ছাড়া, একজন করে ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনেশিয়ান, ওয়ার্ডবয়, আয়া, নৈশপ্রহরীর ছয়টি পদও খালি। আধুনিক যন্ত্রপাতি, চিকিৎসক, অক্সিজেন এবং ব্লাডব্যাংক না থাকায় হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখানে প্রসূতি অস্ত্রোপচারসহ বড় ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তেল বরাদ্দ না থাকায় জেনারেটরটিও চলে না। চিকিৎসকেরা জানান, এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী আসেন। কিন্তু প্রয়োজনীয় ওষুধ না থাকায় অধিকাংশ রোগীকে শুধু ব্যবস্থাপত্র দিয়ে বিদায় করতে হয়। সূত্র জানায়, বর্তমানে হাসপাতালের অন্তর্বিভাগে প্রতিদিন ৪০ থেকে ৫৫ জন রোগী ভর্তি হয়। পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝে এমনকি বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হয় অনেককে। এ ছাড়া ৩১ জন রোগীর নির্ধারিত খাবার থেকে ভাগ করে দেওয়া হয় অতিরিক্ত রোগীদের। জাহাজপুরা গ্রামের এক রোগীর অভিভাবক আলী হোসেন জানান, ১৯ জানুয়ারি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত তাঁর মেয়ে ফাতেমা বেগমকে (৩) হাসপাতালে নিয়ে আসেন। শয্যা না পাওয়ায় হাসপাতালের বারান্দাতেই মেয়ের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফাতেমা বেগমের পাশের আরেক রোগী জালিয়াপাড়া গ্রামের ইয়াসমিন আকতার (৩২) জানান, দুই দিন আগে তিনি ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন। কিন্তু শয্যার অভাবে তীব্র শীতেও হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে তাঁকে।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা টিটু চন্দ্র শীল জানান, বর্তমানে হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা খুব বেশি। সিট না পেয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি স্বীকার করেন।এলাকাবাসীর অভিযোগ, কোনো রোগীর বড় ধরনের সমস্যা দেখা দিলে তাঁকে ৬০ থেকে ৬৫ কিলোমিটার দূরের কক্সবাজার সদর হাসপাতালে নিতে হয়। এতে অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পর্যাপ্ত যন্ত্রপাতি ও আসবাবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। কিন্তু কোনো ফল হচ্ছে না। এখন শুধু রোগীদের ব্যবস্থাপত্র লিখে দেওয়া ছাড়া করার কিছুই নেই আমাদের।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী জানান, তিনি বিশেষজ্ঞ চিকিৎসক, শূন্য পদ ও প্রয়োজনীয় আসবাব চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।