টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রী হয়রানি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-কক্সবাজার সড়কে যাত্রী হয়রানি বেড়েই চলেছে। ঠাসাঠাসি করে যাত্রী নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় ও বাসে মালামাল পরিবহন এখন নিত্যদিনের ব্যাপার। এ নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহনের শ্রমিকদের বাগিবতণ্ডা লেগেই আছে, হাতাহাতির ঘটনাও ঘটছে। যাত্রীদের অভিযোগ, টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত ৮৬ কিলোমিটার সড়কে সরকার নির্ধারিত ভাড়া ১০৩ টাকা ২০ পয়সা (প্রতি কিলোমিটার এক টাকা ২০ পয়সা) কিন্তু আদায় করা হচ্ছে ১৩০ টাকা। একইভাবে নিলা-কক্সবাজার সড়কে ৭৯ টাকা ২০ পয়সার স্থলে ১১০ টাকা, হোয়াইক্যং-কক্সবাজার সড়কে ৬১ টাকা ২০ পয়সার স্থলে ১১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। বাসযাত্রী জিয়াউর রহমান বলেন, ব্যবসায়িক কাজে আমাকে এক দিন পর পর কক্সবাজার শহরে যেতে হয়। দিন দিন বিড়ম্বনা বাড়ছে। অতিরিক্ত যাত্রীর জন্য বাসচালকেরা যেখানে-সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। ফলে কক্সবাজার পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি সময় লাগছে। এ ছাড়া ৩২ আসনের বাসে প্রায় সময়ই গাদাগাদি করে ৪০ থেকে ৪৫ জন যাত্রী নেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষক বলেন, বাসের লোকজন যাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে ইচ্ছেমতো মালামাল তোলেন। এ নিয়ে প্রতিবাদ করলে উল্টো চালক ও সহযোগীদের হাতে অপমানিত হতে হয়। কক্সবাজার বাস মালিক সমিতি সূত্র জানায়, টেকনাফ সড়কে প্রতিদিন দেড় শতাধিক বাস চলাচল করে। এর মধ্যে লোকাল বাস প্রতি ১৫ মিনিট পর পর, বিরতিহীন ২০ মিনিট পর পর ছাড়ে। টার্মিনাল থেকে কক্সবাজার পর্যন্ত লোকাল বাস সাড়ে তিন ঘণ্টা এবং টেকনাফ থেকে কক্সবাজার লিংক রোডে দুই ঘণ্টা ২০ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু প্রায় সব বাস গন্তব্যে পৌঁছায় এক থেকে দেড় ঘণ্টা দেরিতে।বিরতিহীন সার্ভিসের একটি বাসের সহযোগী শামসুল ইসলাম অতিরিক্ত যাত্রী তোলার কথা স্বীকার করে বলেন, ‘আমরা তো যাত্রীকে জোর করে বাসে তুলছি না। যাত্রীরাই নিজেদের প্রয়োজনে অনেকটা জোর করে ওঠেন।’ তাঁর দাবি, টেকনাফ ও লিংক রোডে দেরি করার সুযোগ নেই। সড়কে প্রতিটি বাসের সময় পর্যবেক্ষণ করা হয়।যাত্রী হয়রানি প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার জেলা বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা বলেন, ‘ডিজেল, টায়ারসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বাড়ার কারণে আমরা সরকার নির্ধারিত ভাড়ায় পোষাতে পারছি না। তাই কিছুটা বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তবে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম বলেন, ‘যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের বেশি যাত্রী ও ভারী মালামাল বহন বেআইনি। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’