টেকনাফ পৌর এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কে
টেকনাফ পৌর এলাকার অধিকাংশ নালা-নর্দমা ভরাট হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টিতে প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটুপানি জমে থাকায় লোকজনের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এসব নালা-নর্দমা পরিষ্কারের কোনো উদ্যোগও চোখে পড়ছে না।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার থানা সড়ক, লামার বাজার, শাপলা চত্বর, পুরাতন বাসস্টেশন, নিউ গণি মার্কেট, লেঙ্গুরবিল সড়ক, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, শাহপরীর দ্বীপ জিপ স্টেশন, কায়ুকখালীয়াপাড়া, থানার মোড়, বড় বাজার এলাকার সড়কে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। বড় বাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর, বাসস্টেশনের ব্যবসায়ী ওসমান গণি ও লামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাহের মিয়া জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে নাগরিকেরা পৌর কর নিয়মিত পরিশোধ করে এলেও কর্তৃপক্ষ পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করেনি। পৌরসভার নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যাওয়ায় সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। এ নিয়ে বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা ক্ষুব্ধ।স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভা নাফ নদীসংলগ্ন বেড়িবাঁধ সঠিক সময়ে মেরামত না করায় প্রতিবছর বর্ষার শুরুতে জোয়ারের পানিতে এলাকার পথঘাট তলিয়ে যায়। ফলে প্রতিবছর জলাবদ্ধতার কারণে প্রায় দুই হাজার একর ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। নাম প্রকাশের অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ১১ বছরেও এখানে পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা যায়নি। ফলে সামান্য বৃষ্টি হলে থানার মোড়সহ পুরো শহরে জলাবদ্ধতা দেখা দেয়। প্রধান সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার দোকানপাট ও ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়ে। ফলে জনগণের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আহমদ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রফিক প্রথম আলোকে জানান, ‘নালা-নর্দমা পরিষ্কারের লোকবল থাকলেও নিয়মিত পরিষ্কার না করায় নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে মেয়রকেও তাগিদ দেওয়া হয়েছে। পৌরসভার মেয়র হাজি মো. ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর নালা-নর্দমা সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ায় তখন কোনো ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া সম্ভব হয়নি। কিছুদিনের মধ্যে পৌর এলাকার অধিকাংশ নালা-নর্দমা, ডাস্টবিন নির্মাণ করা হবে।’