টেকনাফ বন্দরে ৬০ টাকায় বিক্রি হচ্ছে মিয়ানমারের ছোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু হয়েছে। ইতিমধ্যে দেড় শতাধিক মেট্রিক টন ছোলা টেকনাফ বন্দরের মাধ্যমে দেশের বাজারে সরবরাহ করা হয়েছে। আরও অন্তত ১০ হাজার মেট্রিক টন ছোলা আমদানির জন্য সে দেশের বন্দরশহর আকিয়াবের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে টেকনাফের কয়েকজন আমদানিকারক চুক্তি করেছেন। টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আনোয়ার মাসুম বলেন, ‘দীর্ঘ দুই বছর পর মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু হয়েছে। রমজান মাসে ছোলার চাহিদা পূরণে আমরা আমদানি বাড়ানোর চেষ্টা চালাচ্ছি। এই বন্দরের মাধ্যমে অন্তত ১০ হাজার মেট্রিক টন ছোলা মিয়ানমার থেকে আনা গেলে দেশের সংকট দূর হবে।’ টেকনাফের ছোলা আমদানিকারক মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে আমদানি করা ছোলা টেকনাফ বন্দরে বিক্রি হচ্ছে ৬০-৬১ টাকায়; যা টেকনাফের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। মিয়ানমারে এখন ছোলার সংকট চলছে। এ কারণে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ছোলা টেকনাফ বন্দরে পৌঁছাতে (জাহাজ ভাড়া, শ্রমিক খরচ, বন্দর করসহ নানা খাতে) তিন হাজার টাকা পর্যন্ত খরচ হয়। এতে প্রতি কেজির দাম পড়ে ৬০ টাকা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিনে তিনজন ব্যবসায়ী প্রায় ১৫০ মেট্রিক টন ছোলা টেকনাফ বন্দরে নিয়ে আসেন। এসব ছোলা প্রতি কেজি ৬১ টাকায় বিক্রি হয়েছে। উন্নত মানের এই ছোলা টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে স্থানভেদে ৬৫-৭১ টাকা পর্যন্ত। ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার মিয়ানমারের আকিয়াব থেকে কার্গো ট্রলারে করে তাঁর ১৫০ মেট্রিক টন ( তিন হাজার বস্তা) ছোলা টেকনাফ বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়লে জাহাজ ও নৌচলাচল বন্ধ হয়ে যায়। ফলে ছোলাসহ অন্যান্য মালামাল আনা সম্ভব হচ্ছে না। ১৮ জুলাই পর্যন্ত তিনজন ব্যবসায়ী কয়েকটি জাহাজ ও কার্গোতে করে ১৪৯ মেট্রিক টন ছোলা আমদানি করেছেন। এর আগে অর্থাৎ ২০০৯ সালের ২৪ অক্টোবর একটি চালানে প্রায় পাঁচ মেট্রিক টন ছোলা আমদানির পর সে দেশের ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ করে দেন। ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে ছোলা আমদানি বাড়ানোর লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান গত সোমবার টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। সাংসদ আবদুর রহমান ব্যবসায়ীদের বলেন, ‘রমজানে দেশে ছোলার ব্যাপক সংকট ও চাহিদা দেখা দিতে পারে। টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে আমরা সেই চাহিদা পূরণ করে ভোক্তাদের কম মূল্যে ছোলা পৌঁছে দিতে পারি। এখন থেকে অপ্রয়োজনীয় মালামালের আমদানি কমিয়ে দিয়ে ছোলার আমদানি বাড়াতে হবে। এর জন্য সরকারিভাবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’সাংসদ আবদুর রহমান জানান, ‘সরকারের বাণিজ্য মন্ত্রণালয় চাইছে এ বন্দর দিয়ে বিপুল পরিমাণ ছোলা আমদানি হোক। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ছোলা আমদানি বাড়াতে আমরা ব্যবসায়ীদের নানাভাবে উৎসাহিত করছি। আশা করি সফল হব।’ ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে ছোলার দাম বৃদ্ধি পাওয়ায় মিয়ানমারেও দাম বেড়ে গেছে। তার ওপর টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ লেবার চার্জ, হ্যান্ডেলিং চার্জ, নাইট চার্জসহ বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছেন। সহসা এসব বন্ধ করা না গেলে ছোলার দামও বেড়ে যাবে। এ ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন। টেকনাফ স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক আবদুল খালিদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, সরকারি নীতিমালা অনুযায়ী আমদানিকৃত মালামালের বিপরীতে বন্দর চার্জ আদায় করা হচ্ছে ।