টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের একাংশের সংস্কার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের একাংশের সংস্কারকাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সংস্কারকাজ উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের দৈর্ঘ্য ১৩ দশমিক ৭ কিলোমিটার। এর মধ্যে আট কিলোমিটার টেকনাফ-হারিয়াখালী পর্যন্ত অংশের সংস্কারকাজ করা হচ্ছে। শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ভেঙে সড়ক বিলীন হওয়ায় এখনই ওই বাকি অংশ ৫ দশমিক ৭ কিলোমিটারে কাজ করা সম্ভব হচ্ছে না। বাঁধ নির্মিত হলে ওই অংশ সংস্কার করা হবে।
তিনি বলেন, এ কাজের সঙ্গে নয়টি কালভার্ট রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স র্যা ব-আরসি (জেভি)৷
সড়কের সংস্কারকাজ উদ্বোধন উপলক্ষে টেকনাফ পৌরসভার কুলালপাড়া জিপ স্টেশন এলাকায় ফলক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, উপবিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমান, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন, পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির, টেকনাফ সদরের ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জহির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম প্রমুখ।
সাংসদ আবদুর রহমান বদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফের সাবরাং এলাকায় অর্থনৈতিক অঞ্চলের কাজ উদ্বোধন করেছেন। এতে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা বিনিয়োগ করলে এলাকার শত শত মানুষের কর্মসংস্থান হবে।