টেকনাফ সীমান্ত দিয়ে এবার সোনা চোরাচালান!
কক্সবাজারের টেকনাফ ও তার আশপাশের সীমান্তের চোরাইপথে মিয়ানমার থেকে ইয়াবার পাশাপাশি এবার সোনা চোরাচালান হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ইতিমধ্যে ছয়টি সোনার চালান আটক করেছেন।
টেকনাফ ৪২ বিজিবির কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে ইয়াবার পাশাপাশি সোনা চোরাচালানও বৃদ্ধি পেয়েছে। সীমান্তে একাধিক পয়েন্ট দিয়ে পাচারকালে ছয়টি চালান উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে সোনার চাহিদা বেশি থাকায় আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সদস্যরা এখন মিয়ানমার থেকে অবৈধভাবে সোনা পাচার করছেন।
বিজিবি সূত্র জানায়, ২০১৪ সালের ৩১ অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ছয়টি চালান ধরা পড়ে। এ সময় ৩৭টি সোনার বার (৬ কেজি ৩০৯ গ্রাম) জব্দ ও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা সোনার মূল্য প্রায় ২ কোটি ৯০ হাজার টাকা। সর্বশেষ গত ২৬ আগস্ট নাফনদী দিয়ে পাচারকালে ২ কেজি ৪৫৮ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ একটি নৌকা জব্দ করা হয়েছে।
টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার এ কে এম হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা সোনা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। মালিকবিহীন আটক সোনা বাংলাদেশ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্র জানায়, সোনা চোরাচালানের উল্লেখযোগ্য পয়েন্ট হলো টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, নাজিরপাড়া, মৌলভীপাড়া, চৌধুরীপাড়া (টেকনাফ-মিয়ানমার এক দিনের ট্রানজিট ঘাট), নাইট্যংপাড়া, স্থলবন্দর, হ্নীলার জাদিমোরা, আলীখালী ও চৌধুরীপাড়া। সীমান্ত পয়েন্ট ও নাফনদী হয়ে ঢুকছে এসব চালান। এরপর সড়ক ও জলপথ দিয়ে কক্সবাজার-চট্টগ্রামসহ বিভিন্ন জেলা শহরে নিয়ে যাওয়া হচ্ছে।
৮ সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়ায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি সোনার বারসহ (১ কেজি ৬৫০ গ্রাম) দুই ব্যক্তিকে আটক করে লোহাগাড়া থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম ও কায়সার হামিদ। তাঁদের বাড়ি টেকনাফে। এই দুজনের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে মামলা হয়েছে।
টেকনাফ থানা সূত্র জানায়, গত আট মাসে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত লাখ ইয়াবা বড়িসহ ২৪৫ জনকে আটক করলেও সোনার চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, টেকনাফে এ পর্যন্ত সোনা চোরাচালানের ছয়টি মামলা হয়েছে। সোনার বারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। এরপর রিমান্ডের আবেদন করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ফলে রিমান্ডের আবেদন নামঞ্জুর হয়। তারপরও কারা সোনা চোরাচালানে জড়িত রয়েছে, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান চলছে।