টেকনাফ সীমান্ত দিয়ে মাদক পাচার চলছেই
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক পাচার চলছেই। টেকনাফ সীমান্তে কোনো না কোনো পয়েন্ট (স্থান) দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে আসছে প্রায় সময়। উভয় দেশের (বাংলাদেশ-মিয়ানমার) ৪৩টি পয়েন্ট মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহূত হচ্ছে। বিশেষ করে সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্যবাহী কার্গো, করিডোর দিয়ে আসা গবাদিপশুর ট্রলার ও মিয়ানমারে যাতায়াতের ট্রানজিট পয়েন্ট দিয়ে নানা রকম মাদক বাংলাদেশে ঢুকছে। অনুসন্ধানে জানা যায়, টেকনাফের নাফ নদী অতিক্রম করে বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ মাদক আসছে। সন্ধ্যার পর শুরু হয় পাচার কার্যক্রম। অনেক সময় দিনের বেলায়ও মিয়ানমারের নাগরিকেরা অবৈধভাবে মাদক নিয়ে এপারে আসে বলে জানা যায়। স্থানীয় লোকজন জানান, সীমান্ত পয়েন্টগুলোর আশপাশে প্রায়সময় বিভিন্ন রকমের বিলাসবহুল গাড়ি ও ভিন্ন বয়সের অপরিচিত নারী-পুরুষের আনাগোনা দেখা যায়। এসব গাড়ি ও অপরিচিত লোকজনের মাধ্যমে কৌশলে মাদক পাচার করা হয় বলে তাঁরা জানান। মাদক পাচারের সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের এক পাচারকারী জানায়, ‘মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী (নাসাকা বাহিনী) অর্থের বিনিময়ে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারে সহযোগিতা করে থাকে। কিন্তু অন্য কোনো মালামাল আনলে তাতে বাধার সৃষ্টি করে। এতে অনেকে অন্য মালামালের সঙ্গে মাদক নিয়ে আসতে বাধ্য হন।’ সূত্র জানায়, উপজেলার অন্তত ২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক পাচার হয়। পয়েন্টগুলো হচ্ছে নিলা, নাটমোরাপাড়া, চৌধুরীপাড়া, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, মৌলভিবাজার, হোয়াইক্যং, কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বা বিল, উলুবনিয়া, কেরুনতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, নাজিরপাড়া, মৌলভিপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, জালিয়াপাড়া, বাজারপাড়া ও মিস্ত্রিপাড়া।মিয়ানমারের আং ডাং, কোলাং, ডেইলপাড়া, ফাতংজা, মংনিপাড়া, ফয়েজিপাড়া, জাহাজঘাটা, সুধাপাড়া, আমলাপাড়া, খায়েংখালীঘাট, আসিক্ষাপাড়া, ঘুলাপাড়া, পেরাংপুরো, মাংগালা, ছরফদ্দীপাড়া, পরিঘা বিল, রাইন মং বিল, বলিবাজার, কেলি পেরাং ও নাকপুরা এলাকা দিয়ে বাংলাদেশে মাদক আনা হয়।জানা গেছে, সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্যবাহী কার্গো, করিডোর দিয়ে আসা গবাদিপশুভর্তি ট্রলার ও এক দিনের ট্রানজিট পয়েন্ট দিয়ে বিভিন্ন কৌশলে মাদক আসে টেকনাফে। মোটরসাইকেল, কার ও সিএনজি নিয়ে টেকনাফে অবস্থানরত লোকজন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে তা পৌঁছে দেয়। অনেক সময় নারী পাচারকারীরা শরীরের বিভিন্ন অংশে, হাতব্যাগে, ফলমূল ও তরিতরকারির ভেতরে করে পাচারকাজ চালায়। পাচারকারীরা চালানভেদে পাঁচ থেকে ১০ হাজার টাকা পায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়িচালক জানান, অধিকাংশ সময় টেকনাফ থেকে কিছু যাত্রী টিকিট নিয়ে গাড়িতে উঠলেও টেকনাফ-কক্সবাজার সড়কের গাড়ি থেকে মাঝপথে নেমে যান। সেখানে অপেক্ষমাণ মোটরসাইকেলযোগে চেকপোস্ট পেরিয়ে পুনরায় গাড়িতে উঠে নিরাপদ স্থানে চলে যায়।টেকনাফে একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, টেকনাফ-কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন রুটের যাত্রীরা এখন মাদক পাচারকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। তাঁদের ইচ্ছামতো গাড়িগুলো দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে পথে মালামাল ওঠানামা করা হয়। যাত্রীরা কিছু বললেই পাচারকারীরা দুর্ব্যবহার করেন।বিডিআর সূত্রে জানা যায়, প্রায় ২৫ রকমের মাদকদ্রব্য বাংলাদেশে ঢোকে। এর মধ্যে রয়েছে ইয়াবা, ম্যান্ডেলা মদ, ম্যান্ডেলা বিয়ার, রয়েল স্পেশাল ডাইজিং, হিরো হুইস্কি, গ্রান্ড রয়েল হুইস্কি, গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন, লন্ডন রাম, টাইগার রাম, ম্যান্ডেলা রাম, আন্দামান গোল্ড বিয়ার, ব্যারঞ্চ বিয়ার, রয়েল ডিস্টিলারি, লেবেল-৯৯, বস আপ, রেড হর্স ডিস্টিলারি, লাকি ইলেভেন, জিনস মদ, আর্মি রাম, অরেঞ্জ মদ, কোস্টার রাম, বাংলা মদ ও আন্দামান গোল্ড । বিডিআর সূত্র জানায়, গত বছর ২৫ অক্টোবর থেকে এ বছর ২৯ মে পর্যন্ত ১১টি চালানে ৪২ রাইফেলস ব্যাটলিয়ান পৃথক অভিযানে ১৪ কেজি ২০০ গ্রাম হেরোইন ও পাঁচ কেজি ১০০ গ্রাম কোকেনসহ ২২ পাচারকারীকে আটক করেছে। এ ছাড়া, চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে ৩ জুন পর্যন্ত ১৬টি অভিযানে সাত হাজার ৮৯৭টি ইয়াবাসহ ২৯ জনকে আটক করা হয়। টেকনাফ থানা পুলিশ চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত মাদক পাচারের অভিযোগে ২৪২ জনকে গ্রেপ্তার এবং মামলা রুজু করে।উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনূস প্রথম আলোকে বলেন, টেকনাফের যুবসমাজকে মাদকের থাবা থেকে বাঁচানোর জন্য প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। তিনি মাদক পাচারকারী ও সেবনকারী উভয়কে পাওয়ামাত্র পুলিশে সোপর্দ করার আহ্বান জানান।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন মাদক পাচারের কথা স্বীকার করে জানান, ‘বিভিন্ন উপায়ে পুলিশ গত এক বছরে ১৫ হাজার ৬৯৪ পিচ ইয়াবাসহ ৮৪ ব্যবসায়ী ও পাচারকারীকে আটক করেছে।’৪২ রাইফেলস ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন বলেন, ‘টেকনাফে পাচারকারীরা বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করে। তবে আমরা সতর্ক থাকি এবং ইতিমধ্যে গাড়িসহ উল্লেখযোগ্যসংখ্যক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি।