টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু
তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল আবার শুরু হয়েছে। তবে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় জাহাজ কর্তৃপক্ষসহ স্থানীয় হোটেল-কটেজ মালিকেরা হতাশ হয়ে পড়েছেন।১০ আগস্ট সকাল থেকে কেয়ারি সিন্দাবাদ নামে জাহাজসহ কয়েকটি ইঞ্জিনচালিত নৌযান টেকনাফ থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করছে। মাঝখানে ১৩ ও ১৪ আগস্ট জামায়াতের হরতালের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকলেও ১৫ আগস্ট থেকে তা আবার শুরু হয়েছে।কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম জানান, ১০ আগস্ট সকাল থেকে পর্যটক পারাপারের জন্য তাঁদের জাহাজটি চালু করা হয়েছে। ঈদের ছুটিতে সেন্ট মার্টিনে কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের ‘সমুদ্র বিলাসে’ পর্যটকেরা ভিড় করেছেন। তবে ছুটি শেষ হওয়া এবং এরপর হরতালের কারণে পর্যটকের উপস্থিতি তেমন নেই। দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এ রুটে প্রতিবছর সাতটি জাহাজ চলাচল করলেও এখন শুধু একটি জাহাজ ও কয়েকটি ট্রলার চলাচল করছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ৫ মে টেকনাফ উপজেলা প্রশাসন কালবৈশাখীর আশঙ্কায় জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে কেয়ারি সিন্দাবাদ চালু হলেও এলসিটি কুতুবদিয়ার চলাচল বন্ধ রয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া (৩ নম্বর সতর্ক সংকেত) দেখা দিলে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে শর্ত দেওয়া হয়েছে।