
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সৈকতে বিদেশি পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে এক্সক্লুসিভ টুরিস্ট জোন বা বিশেষ পর্যটনপল্লি। এ জন্য ১৩৫ একর সৈকতসহ আশপাশের অতিরিক্ত আরও এক হাজার ১৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২৭ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বিদেশিদের জন্য এক্সক্লুসিভ টুরিস্ট জোনটি টেকনাফের সাবরাং সৈকতে তৈরি করা হবে। ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় জমি বুঝিয়ে দিয়েছি। সেখানে কোনো ঘরবাড়ি নেই। কক্সবাজার থেকে দ্রুত পল্লিতে যাতায়াতের জন্য সড়কসহ নানা অবকাঠামো তৈরি করা হবে। পর্যটকের নিরাপত্তাও জোরদার করা হবে। পর্যটনপল্লি স্থাপিত হলে লোকজনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সরকারের রাজস্ব আয় কয়েক গুণ বেড়ে যাবে। এতে হাজার কোটি টাকা ব্যয় হবে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সাবরাং সৈকতসহ পর্যটন এলাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সংরক্ষিত রাখা হবে। এটি শুধু বিদেশিদের জন্যই সংরক্ষিত থাকবে।
জেলা প্রশাসক জানান, কক্সবাজার, কলাতলী, ইনানী ও টেকনাফ সৈকতে বিদেশিরা নামতে পারেন না। ভিক্ষার জন্য শিশুরা পিছু লেগে থাকে। গোসলের সময় স্থানীয় ব্যক্তিরা ঘিরে ধরে। এতে বিরক্ত বোধ করেন বিদেশিরা। এ কারণে সাবরাং বিশেষ পর্যটনপল্লি গড়ে তোলা হচ্ছে। এখানে সাধারণের যাতায়াত সংরক্ষিত থাকবে। তবে নিয়মকানুন মেনে স্থানীয় ব্যক্তিদের সেখানে ঢোকার সুযোগ রাখা যেতে পারে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদেশি পর্যটকের থাকা–খাওয়া, বিনোদনের আধুনিক সুবিধা—সবই এই পল্লিতে রাখা হবে। সৈকত ঘেঁষে তৈরি করা হবে তারকামানের একাধিক হোটেল, মোটেল ও কটেজ। সৈকতের বালুচরে বিচ ভিলা, ওয়াটার ভিলা, নাইট ক্লাব, কার পার্কিং, সুইমিংপুল, কনভেনশন হল, বার, অডিটোরিয়াম, বিনোদন পার্ক, ক্রাপট মার্কেট, ল্যান্ড স্কেপিং, অ্যামিউজমেন্ট পার্কসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শুরু হবে। এর অর্থায়ন করবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ৩০ জুন বিশ্বমানের বিশেষ পর্যটনপল্লি তৈরির জন্য অর্থ সহায়তার ব্যাপারে সরকারের সঙ্গে আইডিবির চুক্তি হয়। এরপর বাংলাদেশ পর্যটন করপোরেশন উখিয়ার মনখালী ও মহেশখালীর সোনাদিয়ায় পৃথক দুটি বিশ্বমানের পর্যটনপল্লি তৈরি প্রকল্প হাতে নেয়। কিন্তু ২০১০ সালে আইডিবি প্রকল্পের বিপরীতে অর্থায়নে অপারগতা প্রকাশ করে।
এরপর ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি পর্যটন সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মনখালী ও সোনাদিয়া প্রকল্প বাতিল করে টেকনাফের সাবরাং সৈকতে বিশেষ পর্যটনপল্লি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আইডিবি সম্মতি দেয়।
পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, সাবরাং টুরিস্ট জোন প্রতিষ্ঠার জন্য প্রায় এক হাজার ১৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৯৩৭ একর সরকারি খাসজমি। আইনি বাধ্যবাধকতা মেনে সমুদ্রসৈকতের ১৩৫ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার।