টেকনাফে অবাধে চলছে জাটকা শিকার
টেকনাফের অন্তত ১৯টি হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে শিকার করে আনা হচ্ছে এসব মাছ। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।
উপজেলা মৎস্য কার্যালয় ও স্থানীয় সূত্রে জানায়, মৎস্য বিভাগ ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচে (১০ ইঞ্চি) ইলিশ (জাটকা) ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময়ে জাটকা শিকার, বহন ও বেচাকেনাতে জড়িত থাকলে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, পৌরসভা, সদর, সাবরাং, বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং হাটবাজারের বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে প্রতিদিন কারেন্ট জাল আর ফাঁস জাল দিয়ে জাটকা শিকার করা হচ্ছে।
প্রতিদিন ২০ থেকে ৪০ মণ জাটকা বিভিন্ন আড়ত ও নৌঘাটে বেচাকেনা হচ্ছে। মাছের পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন প্রকারের ঝুড়িতে করে সেসব জাটকা বিক্রির জন্য বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। প্রতি কেজি জাটকা ১৫০ থেকে ১৮০ টাকায় বেচাকেনা করা হচ্ছে।
মৎস্যজীবী সমিতি ও ব্যবসায়ীরাও জাটকা শিকারের কথা স্বীকার করেছেন। বাহারছড়া মৎস্যজীবী সমিতির সভাপতি মমতাজ আহমদ বলেন, এ এলাকায় প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী রয়েছেন। প্রতিদিন শত শত মিটার কারেন্ট জাল দিয়ে জাটকা ধরা হচ্ছে। সৈকতে জালগুলো বিলিয়ে রাখা হয়। কিন্তু প্রশাসন কোেনা ব্যবস্থা নিচ্ছে না।
বাহারছড়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় জাটকা ধরা বেড়েই চলেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ প্রথম আলোকে জানান, বিশাল এলাকায় সব সময় তদারক করা সম্ভব হয় না। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক নৌঘাট থেকে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট ও ফাঁস জাল জব্দ করা হয়।