টেকনাফে অবাধে বিক্রি হচ্ছে নোট ও গাইড বই
সরকারের নিষিদ্ধ ঘোষিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নোট ও গাইড বই অবাধে বিক্রি হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে। বছরের শুরুতে এসব বই কিনতে প্রতিদিন দোকানগুলোতে ভিড় করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যবই পড়ে শিক্ষার্থীরা যাতে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে সে জন্য সরকার নোট ও গাইড বই নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতও। কিন্তু নোট ও গাইড ছাপানো ও বিপণনের কার্যক্রম বন্ধ হয়নি।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভার বড় বাজারসহ উপজেলার বিভিন্ন বইয়ের দোকানে জুপিটার, লেকচার, স্টার, নিউ স্টার, নোলক, প্রজাপতি, ব্রাইট স্টার, দুরন্ত, পাঞ্জেরী, উৎসব, দিশারী ও নিউটন প্রকাশনার নোট ও গাইড বইয়ের বেচাকেনা চলছে।
উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম জানান, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নোট ও গাইড বই মুদ্রণ, প্রকাশনা, আমদানি, বিতরণ ও বিক্রি নিষিদ্ধকরণের উদ্দেশ্যে ১৯৮০ সালে প্রণীত আইনের ৩ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি নোট ও গাইড বই মুদ্রণ, প্রকাশনা, আমদানি, বিক্রয়, বিতরণ অথবা কোনো প্রকার প্রচারের উদ্দেশ্যে রাখিতে পারিবেন না।’
এ আইন অমান্য করলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড বা ২৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম আরও জানান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে ২০০৮ সালে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এতে বলা হয়, নোট বই নয়, গাইড বই প্রকাশ করে তা বাজারজাত করা হচ্ছে। তখন হাইকোর্ট নোট বই নিষিদ্ধকরণ আইন সংশোধন করে নোট বইয়ের সঙ্গে গাইড বইয়ের বিক্রিও নিষিদ্ধ করে।
টেকনাফ থানা রোড়ের জেলা পরিষদ মার্কেট থেকে ছেলের জন্য বই কিনে ফেরার পথে গোদারবিলের বাসিন্দা শামসুল আলম বলেন, ‘আমার ছেলে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তার জন্য সব বিষয়ের উত্তর সম্বলিত একটি গাইড বই কিনেছি। মূল পাঠ্যবই থেকে শিখতে পারবে সেই আত্নবিশ্বাস নেই। তাই গাইড বই কিনে নিলাম।’
টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় ও সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ও মফিজ দৌল্লাহ বলেন, পাঠ্যবই থেকে সবই শেখা যায়। এতে সৃজনশীলতার বিকাশ ঘটে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শিক্ষার্থীরা এখনো নোট ও গাইড বইয়ের ওপর নির্ভরশালী। এসব বিক্রি বন্ধে অসাধু বই বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, নোট ও গাইড বইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে পুলিশ সহযোগিতা করবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, বাজারে নোট ও গাইড বই বিক্রির জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।