টেকনাফে আট মাস ধরে বিকল ৯২টি টেলিফোন সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৯২টি টেলিফোন সংযোগ আট মাস ধরে বিকল। এতে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকেরা টেলিফোন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিকল পড়ে আছে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ফোনটিও। এ প্রসঙ্গে ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন বলেন, টেলিফোন বিকল থাকায় দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে। বিটিসিএল কার্যালয়ের কর্মচারীদের গাফিলতির কারণে অনেক গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন। এ কারণে সরকার রাজস্বও হারাচ্ছে।
বিটিসিএল টেকনাফ কার্যালয় সূত্রে জানা গেছে, বিটিসিএল টেকনাফ এক্সচেঞ্জের ধারণক্ষমতা ১ হাজার ২৪টি। এর মধ্যে টেলিফোন সংযোগ দেওয়া হয়েছিল ৩৫১টি। বর্তমানে গ্রাহকসংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭৩–এ। তবে এই ২৭৩টি টেলিফোন সংযোগের মধ্যে আট মাস ধরে বিকল আছে ৯২টি লাইন।
টেলিফোন বিকল থাকলেও মাসে মাসে সংযোগ ফি দিতে হচ্ছে গ্রাহকদের। টেকনাফ সদরের বাসিন্দা জালাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার তিনটি টেলিফোন সংযোগ রয়েছে। এর মধ্যে একটিও সচল নেই। তবে টেলিফোন বিকল থাকলেও মাসে মাসে টেলিফোন প্রতি ৯২ টাকা করে ফি দিতে হচ্ছে। প্রায় আট মাস ধরে অভিযোগ জানিয়ে আসছি। কিন্তু এখনো সংযোগ চালু হয়নি।’
বিটিসিএল টেকনাফের কার্যালয়ের ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, তার চুরি ও নষ্ট হওয়ার কারণে টেলিফোন সংযোগগুলো বিকল আছে। সরকারিভাবে তার সরবরাহের কোনো ব্যবস্থা না থাকায় সংযোগগুলো মেরামত করা যাচ্ছে না।